Breaking News

এলাকার বিট অফিসার থেকে পুলিশ আধিকারিক, এবার সব তথ্য মিলবে অ্যাপে! রাজ্যে ‘পুলিশ মিত্র’ চালু করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুলিশি ব্যবস্থাকে আরও আধুনিক ও জনমুখী করে তুলতে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়িয়ে নিরাপত্তা ও প্রশাসনিক পরিকাঠামোর উন্নতিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই অ্যাপের সূচনা এবং পুলিশি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কীভাবে কাজ করবে ‘পুলিশ মিত্র’ অ্যাপ? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ ও নিবিড় করতেই এই উদ্যোগ। কোন এলাকায় কোন পুলিশ আধিকারিক কর্মরত রয়েছেন, সংশ্লিষ্ট বিট অফিসারের দায়িত্ব কী, সেই সমস্ত তথ্য এবার অ্যাপের মাধ্যমে জানতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গে নাগরিকদের যোগাযোগ বাড়বে। পাশাপাশি পুলিশের কাজকর্মে স্বচ্ছতা এবং প্রশাসনিক জবাবদিহিও আরও বাড়বে বলে মনে করছে রাজ্য সরকার।
পুলিশের পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মীসংখ্যার ঘাটতি নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কাজের পরিধি ক্রমশ বাড়লেও প্রয়োজনের তুলনায় পুলিশকর্মীর সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। পুলিশকে আধুনিক সরঞ্জাম ও উন্নত যানবাহন দেওয়ার পাশাপাশি কর্মীসংকট মেটানোও জরুরি। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, সেই পরিকল্পনার বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বরাষ্ট্রসচিবকেও গোটা প্রক্রিয়ার উপর নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আগের সরকারের আমলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়ে কোনও তথ্য গোপন করতে চায় না রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়মূলক বৈঠকও হয়েছে বলে জানান তিনি।পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় নিরাপত্তার ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও নজরদারি প্রয়োজন বলে তাঁর মত। সেই কারণে পুলিশি পরিকাঠামো শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।রাজ্যের পুলিশি ব্যবস্থায় পরিবর্তন ও উন্নয়নের সুফল পেতে আরও কিছুটা সময় দেওয়ার আবেদনও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ভালো ফল দেখতে হলে সরকারকে আরও অন্তত তিন মাস সময় দেওয়া প্রয়োজন। সব মিলিয়ে ‘পুলিশ মিত্র’ অ্যাপের সূচনার পাশাপাশি পুলিশি আধুনিকীকরণ, কর্মীসংকট মোকাবিলা এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় বাড়ানোর বার্তাই উঠে এল মুখ্যমন্ত্রীর এদিনের বক্তব্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *