Breaking News

আর বাড়ি ফেরা হল না অনমোলের! মাঝেরহাটে সাইকেলে থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্রকে পিষে দিল দ্রুতগতির লরি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা!

নিজস্ব সংবাদদাতা :-মাঝেরহাট স্টেশনের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। সিমেন্টবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। মৃতের নাম অনমোল ঝা। বয়স মাত্র ১২ বছর। টিউশন সেরে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গড়াগাছা রোডের কাছে পিছন থেকে আসা একটি ছয় চাকার লরি তাকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় কিশোর। এরপর লরির চাকায় পিষ্ট হয় সে। দুর্ঘটনার পরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে অভিযোগ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিউশন থেকে পড়ে সাইকেলে বাড়ি ফিরছিল অনমোল। মাঝেরহাট রেল স্টেশনের অদূরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে ছুটে আসা লরিটি পিছন থেকে তাকে ধাক্কা মারে। শুধু তাই নয়, সাইকেল-সহ কিশোরটি লরির চাকায় আটকে যায়। সেই অবস্থায় বেশ কিছুটা রাস্তা তাকে টেনে নিয়ে যায় ঘাতক গাড়িটি। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় এলাকায়।স্থানীয় বাসিন্দারাই দ্রুত ছুটে এসে রক্তাক্ত কিশোরকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ১২ বছরের ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘাতক লরিটিতে ভাঙচুর চালান। লরির সামনের কাচ ভেঙে রাস্তার উপর ছড়িয়ে পড়ে। তাঁদের প্রশ্ন, এলাকার রাস্তা যথেষ্ট অপরিসর হওয়া সত্ত্বেও দুপুরবেলা কীভাবে এমন বড় মালবাহী লরি দ্রুতগতিতে চলাচল করছিল? ব্যস্ত রাস্তায় ভারী যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণের দাবিও উঠেছে স্থানীয়দের মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারাতলা থানার পুলিশ। প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি রাস্তা থেকে ভাঙা কাচ সরানোর ব্যবস্থা করা হয়। পরে ঘাতক লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পলাতক চালকের সন্ধান চালানো হচ্ছে।একটি দুর্ঘটনায় অকালে ঝরে গেল এক কিশোরের প্রাণ। টিউশন থেকে সাইকেলে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না এলাকার বাসিন্দারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *