প্রসেনজিৎ ধর,কলকাতা :- গুজরাটিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে শনিবার ভবানীপুর থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা ২৩ মিনিটে থানায় পৌঁছন তিনি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টে নাগাদ থানা থেকে বেরিয়ে আসেন অভিষেক। তাঁর জিজ্ঞাসাবাদ চলাকালীন থানার বাইরে থেকে ওঠে ‘চোর চোর’ স্লোগান। অন্যদিকে, অভিষেকের অনুগামীদেরও থানার বাইরে ভিড় জমাতে দেখা যায়।থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। সমাজমাধ্যমে ‘গুজরাটি গ্যাং’ শব্দবন্ধ ব্যবহার করে কেন পোস্ট করেছিলেন, পুলিশকে তার ব্যাখ্যাও দিয়েছেন বলে জানান তিনি।উল্লেখ্য, গত ২ মে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন অভিষেক। সেই মন্তব্যের বিরোধিতা করে গত ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি ছিল, একজন সাংসদের এমন মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি নষ্ট করতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়। সেই মামলার সূত্রেই শনিবার অভিষেককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, “আমাকে যখনই ডেকেছে, গিয়েছি। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তকারী সংস্থা যা প্রশ্ন করেছে, সব উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে সব সময় হাজির হয়েছি।” পাশাপাশি তাঁর দাবি, গুজরাটি গ্যাং কেন বলেছেন, তার ব্যাখ্যাও তদন্তকারীদের দিয়েছেন।
এদিন বিজেপিকে নিশানা করে অভিষেক আরও বলেন, বিজেপি মনে করে বাংলা বলে কোনও ভাষা নেই, বাংলাদেশি ভাষা রয়েছে। অমিত মালব্য বাংলাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান এবং তাঁর বাড়ির সামনের শহিদ বেদি ভাঙার প্রসঙ্গও তোলেন তৃণমূল সাংসদ। তাঁর কটাক্ষ, “বুলডোজার চালানোর হলে আমার বাড়ির উপর চালিয়ে দিন।” একইসঙ্গে আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা দিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেও সরব হন অভিষেক।
Hindustan TV Bangla Bengali News Portal