প্রসেনজিৎ ধর, কলকাতা :-সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ঘিরে বিতর্কিত মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের। সেলিমকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে তাঁকে শুধু বাংলা নয়, দেশ থেকেই তাড়িয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন মন্ত্রী। এখানেই থেমে থাকেননি তিনি। সিপিএমের রাজ্য সম্পাদককে ‘অতি বামপন্থী’ এবং ‘দিমাগি নকশাল’ বলেও কটাক্ষ করেন অর্জুন। একইসঙ্গে সিপিএমের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সেলিমকে আক্রমণ করে অর্জুন বলেন, “আমরা সবাই বলব, সেলিম থেকে সাবধান। ভারতবর্ষের লোকই না। উনি দেশবিরোধী লোক। ওঁকে বাংলা থেকে নয়, দেশ থেকে তাড়ানো দরকার।” কেন এমন মন্তব্য, তার ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রীর দাবি, যাঁরা দেশের ভাল চান না, তাঁদের নিয়ে আলোচনা করাও ভুল। তাঁর কথায়, “এরা তো এখানের খাবে, আর পাকিস্তানের গল্প করবে।” সিপিএমের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কটাক্ষ করে অর্জুন বলেন, দলের পায়ের তলায় মাটি নেই, মাথার উপর ছাদ নেই। দল কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
অর্জুনের এই মন্তব্যের পাল্টা কড়া জবাব দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তাঁর চ্যালেঞ্জ, “অর্জুন সিংয়ের ক্ষমতা থাকতে তাড়িয়ে দেখাক।” একইসঙ্গে অর্জুনের রাজনৈতিক দলবদলের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন তিনি। শতরূপের বক্তব্য, একবার বিজেপি, আবার তৃণমূল অর্জুন সিংকে দল থেকে তাড়িয়েছে। মন্ত্রীর পদে থেকে বিরোধীদের সম্মান দিয়ে কথা বলার পরামর্শও দিয়েছেন তিনি। শতরূপের হুঁশিয়ারি, বিরোধীদের অসম্মান করলে পাল্টা অসম্মানের মুখে পড়তে হবে।অন্যদিকে, এই বিতর্কে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, বিজেপির বিরোধিতা করলেই কাউকে দেশবিরোধী তকমা দেওয়ার প্রবণতা রয়েছে বিজেপির। তবে অর্জুনের মন্তব্যের বিষয়ে সিপিএমই পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal