Breaking News

কিউআর কোড স্ক্যানেই ছটের ঘাটের হদিস! যাতায়াতের পথ থেকে জরুরি পরিষেবা, এক ক্লিকেই মিলবে সব তথ্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছটপুজোয় পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। এ বার ঘাট খুঁজতে বা সেখানে পৌঁছনোর রাস্তা জানতে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মোবাইল ফোনে একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে প্রয়োজনীয় সমস্ত তথ্য। ঘাটের অবস্থান, যাতায়াতের পথ থেকে শুরু করে জরুরি পরিষেবার খুঁটিনাটি—সব কিছুই জানা যাবে এক ক্লিকে। ছটপুজোর আয়োজনকে আরও সহজ ও নিরাপদ করতে এ বার প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুর কর্তৃপক্ষ।
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর থেকেই উৎসবের আয়োজন ঘিরে বাড়তি সতর্ক কলকাতা পুরসভা। ছটপুজোতেও যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, এ বছর কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) এলাকায় মোট ১৬৩টি ঘাট প্রস্তুত করা হচ্ছে।
এর মধ্যে কলকাতা পুরসভার ১৬টি বরোর অধীনে থাকছে ১২৪টি ঘাট। গঙ্গার তীরে ৩০টি, আদি গঙ্গায় ২টি, পুকুর ও জলাশয়ে ৮৬টি এবং ৬টি কৃত্রিম জলাশয়ে পুণ্যার্থীরা ছটপুজো করতে পারবেন। অন্যদিকে, কেএমডিএ এলাকায় ২৪টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী ঘাট তৈরি করা হচ্ছে। পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পুরসভার বিভিন্ন বিভাগকে পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে।আগামী ১৫ ও ১৬ নভেম্বর ভোরে পুণ্যার্থীদের জন্য অতিরিক্ত পানীয় জল এবং জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখবে জল সরবরাহ বিভাগ। যাঁরা দণ্ডি কেটে ঘাটে যাবেন, তাঁদের সুবিধার কথা মাথায় রেখে ঘাটমুখী রাস্তাগুলি ধুয়ে পরিষ্কার করবেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পাশাপাশি, ছ’টি গুরুত্বপূর্ণ ঘাটে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হচ্ছে। ঘাট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে বায়ো-টয়লেট।
নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর দিচ্ছে পুরসভা। হুগলি নদীর ঘাট এবং বড় জলাশয়গুলিতে মোতায়েন থাকবেন পেশাদার ডুবুরিরা। পাশাপাশি থাকবেন সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা। তাঁদের পরনে থাকবে পুরসভার লোগো দেওয়া বিশেষ জ্যাকেট। ঘাট ও সেখানে যাওয়ার রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দায়িত্বে থাকছে আলোক বিভাগ। মাইকে প্রচার চালিয়ে পুণ্যার্থীদের সচেতনও করা হবে। অন্যদিকে, ঘাটে পৌঁছনোর রাস্তাগুলি মেরামতির কাজ শুরু করেছে ‘সিভিল’ ও ‘রোডস’ বিভাগ।পুণ্যার্থীদের সুবিধার্থে প্রবেশপথে তোরণ ও ব্যানার লাগানোর পাশাপাশি মহিলাদের জন্য বিশেষ চেঞ্জিং রুম তৈরি করা হচ্ছে। পরিবেশ দূষণ রুখতেও থাকছে বিশেষ পরিকল্পনা। পুজো শেষ হওয়ার পরই ঘাটের জল থেকে ফুল ও অন্যান্য পুজোর সামগ্রী সরিয়ে সাফাই অভিযান চালাবে পার্কস অ্যান্ড স্কোয়ার্স এবং ঘাট বিভাগ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা আবর্জনা সংগ্রহ করে ধাপা ডাম্পিং গ্রাউন্ডে পাঠাবেন।সব মিলিয়ে, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এ বারের ছটপুজোকে নির্বিঘ্ন করতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুরসভা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *