Breaking News

সুকুমার রায়ের ‘হিং টিং ছট’-এর অনুপ্রেরণায় ছড়া! ৩৪ বছরের বাম শাসনকে বিঁধলেন অগ্নিমিত্রা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-মন্ত্রী হিসেবে রাজ্যের পরিচ্ছন্নতা ও জঞ্জালমুক্ত পরিবেশ গড়ে তুলতে সকাল থেকে সন্ধে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন তিনি। কখনও কলকাতা, কখনও আসানসোল—রাস্তায় আবর্জনা ফেলা, ফুটপাথ দখল কিংবা বেআইনি পার্কিং নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন। তবে দফতরের কাজ সামলানোর পাশাপাশি সম্প্রতি লেখালিখিতেও মন দিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল। কখনও তিলোত্তমাকে নিয়ে কবিতা, কখনও এনকাউন্টার নিয়ে নিজের ভাবনা কলমে তুলে ধরেছেন। এবার তাঁর নিশানায় বামেরা। ৩৪ বছরের বাম শাসনকে কটাক্ষ করে সুকুমার রায়ের ‘হিং টিং ছট’-এর অনুকরণে ছড়া লিখলেন অগ্নিমিত্রা। শুধু লেখা নয়, সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে নিজেই সেই ছড়া পাঠ করলেন তিনি।
ভিডিয়োর শুরুতে অগ্নিমিত্রাকে বলতে শোনা যায়, ছোটবেলা থেকেই সুকুমার রায়ের কবিতা তাঁর খুব প্রিয়। কখনও সেই কবিতা তাঁকে ভাবায়, কখনও কাঁদায়। সেই কবিতার একটি বা একাধিক রচনা থেকে অনুপ্রাণিত হয়েই নতুন ছড়া লিখেছেন বলে জানান মন্ত্রী। এরপরই নিজের লেখা ছড়া পাঠ করেন তিনি।

অগ্নিমিত্রার ছড়া
হিংটিংছট
৩৪ বছর লাল নিশান, কথায় কথায় বড় জ্ঞান
ধর্মঘট আর মিছিল-মিটিং
হিং টিং ছট
হিং টিং ছট
সকালে বনধ, বিকেলে ডাক
কাজের বেলায় তালা থাক
বাসও বন্ধ, দোকানও বন্ধ
জনজীবন থাকত স্তব্ধ
কম্পিউটার আসছে দেশে
আপত্তি উঠল হেসে হেসে
কম্পিউটার নাকি চাকরি খাবে!
তাই তাকে দূরে সরিয়ে রাখবে
কলকারখানা বন্ধ হল
কত মানুষের স্বপ্ন গেল
নতুন শিল্পের খবর নাই
বেকার ছেলের জবাব নাই
ডিগ্রি নিয়ে ঘুরছে ছেলে
চাকরি মেলে না ভাগ্যবলে
বাবার টাকা, মায়ের আশা, বেকার জীবন সর্বনাশা
নেতার মুখে বড় বড় বাণী
সবাই নাকি শ্রমিক শ্রেণী
নিজের ভুলের কথা উঠলে পুরনো দিনের গল্প বলে
দিমাগী দাদার জ্ঞানের ঝুলি, কথায় ফুলঝুরি, খালি খুলি
দেশের হাল কে নেবে ভাই? প্রশ্ন করলে উত্তর নাই
৩৪ বছরের হিসেব খাতা, মানুষ রাখেনি কিছুই মাথায়
সবই দেখেছে, সবই জেনেছে
ভোটের বাক্সে জবাব দিয়েছে
মানুষ চিনেছে, বুঝেছে তাই
আর পুরনো পথে হাঁটে নাই
পুরনো দিনের বাঁধন ছেড়ে
নতুন সূর্য উঠুক ভোরে
হিংটিংছট, হিংটিংছট
৩৪ বছরের পালা শেষে ফট
মানুষ যখন জবাব দেয়, ক্ষমতার মসনদ টলে যায়
কথায় নয়, কাজে পরিচয়
মানুষের রায়ই শেষ কথা কয়
হিংটিংছট, হিংটিংছট
৩৪ বছরের পট পাল্টে গেল ঝটপট
৩৪ বছর হয়েছে পার, বামফ্রন্ট এরপর পগারপার,
কারণ মানুষের নেই ভরসা আর
হিংটিংছট, হিংটিংছট

‘হিংটিংছট’ শিরোনামে লেখা ছড়ায় ৩৪ বছরের বাম শাসন, ঘনঘন বনধ, ধর্মঘট, মিছিল-মিটিং থেকে শুরু করে শিল্প ও কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন অগ্নিমিত্রা। রাজ্যে কম্পিউটার চালু করার বিরোধিতা, কলকারখানা বন্ধ হয়ে যাওয়া এবং বেকারত্বের প্রসঙ্গও উঠে এসেছে তাঁর লেখায়। বাম আমলের বিভিন্ন নীতিকে কাঠগড়ায় তুলে ছড়ার ছন্দে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন মন্ত্রী।
ছড়ার শেষাংশে বামেদের প্রতি মানুষের আস্থা হারানোর প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। ভোটের বাক্সে মানুষই যে শেষ কথা বলে, সেই বার্তাও দিয়েছেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্যের মূল সুর, ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মানুষ নতুন রাজনৈতিক পথ বেছে নিয়েছিল। সেই অতীতকে মনে করিয়ে দিয়েই বামেদের বিঁধেছেন তিনি।
উল্লেখ্য, এর আগেও কবিতা লিখে সমাজমাধ্যমে নজর কেড়েছিলেন অগ্নিমিত্রা। গত অক্টোবর মাসে পরপর দু’টি এনকাউন্টারের ঘটনার পর অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তার পক্ষে নিজের বক্তব্য কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। সেখানে অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। এবার অবশ্য তাঁর কলমের লক্ষ্য সরাসরি বাম রাজনীতি। মন্ত্রিত্ব সামলানোর পাশাপাশি রাজনৈতিক আক্রমণের নতুন মাধ্যম হিসেবে কবিতা ও ছড়াকেই বেছে নিচ্ছেন অগ্নিমিত্রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *