Breaking News

বদলের বাংলায় চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর, এক ধাক্কায় বাড়ল ৫ থেকে ১০ হাজার টাকা পারিশ্রমিক!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে কর্মরত বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির ঘোষণা রাজ্য সরকারের। এক ধাক্কায় বাড়ানো হল তাঁদের মাসিক পারিশ্রমিক। শুধু বেতন নয়, আনুষঙ্গিক সুযোগ-সুবিধার ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা। সোমবার অর্থ দপ্তরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীদের বর্তমান পারিশ্রমিকের ভিত্তিতে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি অর্থ দেওয়া হবে। আগামী ১ নভেম্বর থেকেই নতুন বর্ধিত পারিশ্রমিক কার্যকর হবে।তবে এই সুবিধা অবশ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত চুক্তিভিত্তিক কর্মী পাবেন না। নির্দিষ্ট ছয় শ্রেণির কর্মীকে এই বেতনবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে। অর্থ দপ্তরের ১৬ সেপ্টেম্বর, ২০১১ সালের নির্দেশিকা অনুযায়ী যাঁরা পৃথক বেতন কাঠামোর অধীনে রয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন না। পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ ও কল্যাণ দপ্তরের ১৬ অক্টোবর, ২০২০ সালের নির্দেশিকায় অন্তর্ভুক্ত আইটি কর্মী, কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ কর্মসূচির কর্মী এবং চুক্তিভিত্তিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ নির্দিষ্ট কয়েকটি পদের কর্মীরাও এই বর্ধিত পারিশ্রমিকের সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।তাহলে কোন শ্রেণির কর্মীরা কত টাকা বেশি পাবেন? অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বেতনবৃদ্ধির ক্ষেত্রে তিনটি পৃথক স্তর নির্ধারণ করা হয়েছে। যাঁদের বর্তমান মাসিক পারিশ্রমিক ২৫ হাজার টাকা বা তার কম, তাঁদের মাসে অতিরিক্ত ৫ হাজার টাকা দেওয়া হবে। যাঁদের পারিশ্রমিক ২৫,০০১ টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে, তাঁদের মাসিক পারিশ্রমিক বাড়ছে ৭ হাজার টাকা। অন্যদিকে, বর্তমানে যাঁরা মাসে ৪৫ হাজার টাকার বেশি পারিশ্রমিক পান, তাঁদের ক্ষেত্রে এক ধাক্কায় ১০ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই সরকারি কর্মী ও বিভিন্ন পেশার মানুষের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর একাধিক সিদ্ধান্ত সামনে এসেছে। সপ্তম বেতন কমিশন গঠন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুবিধা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরাও। সরকারের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *