দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভেজাল খাবার ও খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের একাধিক নামী হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকান। এবার সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে একাংশকে ফের ব্যবসা শুরু করার অনুমতি দিল কলকাতা পুরসভা। প্রয়োজনীয় সংশোধন এবং পুরসভার আধিকারিকদের পরিদর্শনের পর এখনও পর্যন্ত মোট ৪৮টি প্রতিষ্ঠানকে পুনরায় দোকান খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রেও অনুমোদন ফেরানোর প্রক্রিয়া চলছে বলে পুরসভা সূত্রে খবর।উল্লেখ্য, শারদীয় উৎসবের আগে শহরজুড়ে খাবারের দোকানগুলিতে বিশেষ অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ফুড সেফটি শাখা। সেই অভিযানে খাবারের গুণমান, সংরক্ষণের পদ্ধতি এবং পরিচ্ছন্নতা নিয়ে একাধিক অনিয়ম সামনে আসে। এরপরই মোট ৭০টি হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির ফুড লাইসেন্স অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত করে ব্যবসা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৪২টি প্রতিষ্ঠানের ফুড লাইসেন্স এবং ২৮টির ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত করা হয়।তবে পুরসভার এই সিদ্ধান্ত ঘিরে ব্যবসায়ীদের একাংশের মধ্যে অসন্তোষও তৈরি হয়েছিল। পরে সংশ্লিষ্ট দোকানগুলির মালিকপক্ষকে যাবতীয় ত্রুটি সংশোধন করে নতুন করে আবেদন জানানোর নির্দেশ দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতে পুরসভার ফুড সেফটি অফিসারেরা ফের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে পরিদর্শনে যান। খাবার তৈরি ও সংরক্ষণের পরিবেশ, দোকানের পরিচ্ছন্নতা এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পরিদর্শনের রিপোর্ট সন্তোষজনক হওয়ার পরেই ব্যবসা চালুর অনুমতি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে পাওয়া হিসাব অনুযায়ী, ফুড লাইসেন্স স্থগিত হওয়া ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে ইতিমধ্যেই ৩১টি ফের ব্যবসা শুরু করার অনুমতি পেয়েছে। অন্যদিকে, ফুড রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্থগিত হওয়া ২৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি দোকানকে পুনরায় খোলার ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭০টির মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ফের ব্যবসায় ফিরতে চলেছে।
কলকাতা পুরসভার বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষার সঙ্গে কোনওরকম আপস করা হবে না। খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা বাধ্যতামূলক। তবে যেসব প্রতিষ্ঠান নিজেদের ভুল সংশোধন করে প্রয়োজনীয় নিয়ম মেনে চলতে প্রস্তুত, তাদের ব্যবসায় ফেরার সুযোগ দেওয়া হবে। সেই মতো বাকি প্রতিষ্ঠানগুলির আবেদন খতিয়ে দেখা এবং পুনরায় পরিদর্শনের কাজ চলছে।
Hindustan TV Bangla Bengali News Portal