Breaking News

মেদিনীপুরের চাকরি মেলায় ৬০০ জনের হাতে নিয়োগপত্র, ‘আগের সরকার থাকলে নিয়োগই হত না’, কটাক্ষ শুভেন্দুর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেদিনীপুরের চাকরি মেলার মঞ্চ থেকে একদিকে ৬০০ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে রাজ্যে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি। আগামী দু’বছর সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত পাঁচ বছরের ছাড় দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আগামী ২০২৭ সালের নিয়োগ প্রক্রিয়া থেকেই এই সুবিধা কার্যকর হবে বলে তাঁর ঘোষণা। একইসঙ্গে আগের তৃণমূল সরকারের আমলে নিয়োগ দুর্নীতি এবং ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া আইনি জটিলতা নিয়েও সরব হন তিনি।চাকরি মেলার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু দাবি করেন, আগের সরকার ক্ষমতায় থাকলে রাজ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করাই সম্ভব হত না। তাঁর অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগ ব্যবস্থায় দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। বিশেষ করে ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া আইনি সমস্যার কারণে বহু নিয়োগ আটকে থাকার পরিস্থিতি তৈরি হয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দিষ্ট সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমান সরকার বিধানসভায় নতুন আইন এনে সেই জটিলতা কাটানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগের সরকারের দায়ের করা মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি শিল্প এবং স্বনির্ভরতার মাধ্যমেও কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শুধু সরকারি চাকরির উপর নির্ভর না করে শিল্পস্থাপন, ব্যবসা এবং সমবায় ক্ষেত্রেও যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই নতুন করে উদ্যম পোর্টাল চালু করা হয়েছে এবং বিশ্বকর্মা যোজনা ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পিএমইজিপির মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা শুরু করার সুযোগের কথাও উল্লেখ করেন।
সমবায় ক্ষেত্রকে আরও সক্রিয় করার উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুগ্ধজাত পণ্যের উৎপাদন, ছাগল পালন, পোল্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের প্রসারের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর দাবি, এই সমস্ত ক্ষেত্রে সমবায় ব্যবস্থাকে কাজে লাগিয়ে বহু যুবক-যুবতীর স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব।
এদিন রাজ্যের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়েও একাধিক পরিসংখ্যান তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি, পুরনো কর্মসংস্থান পোর্টালে ৮৮ হাজার আবেদনকারী নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ১০৩১ জন নির্বাচিত হন। সেই নির্বাচিতদের মধ্যে এদিন ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি পুরনো কর্মসংস্থান পোর্টাল বন্ধ করে নতুন পোর্টাল চালু করার কথাও ঘোষণা করেন তিনি।আগের সরকারের আমলে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ বন্ধ থাকার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালে শেষবার স্কুল সার্ভিস কমিশন এবং ২০১৭ সালে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তাঁর অভিযোগ, পরবর্তী সময়ে সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের কর্মীদের উপর নির্ভর করেই বিভিন্ন ক্ষেত্রে কাজ চালানো হয়েছে। তাঁদের বেতন ও চাকরির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি টাটা গোষ্ঠীর রাজ্য ছেড়ে চলে যাওয়ার ঘটনাকে শিল্পক্ষেত্রে নেতিবাচক প্রভাবের উদাহরণ হিসেবে তুলে ধরেন।
তবে এদিনের অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়। মুখ্যমন্ত্রী জানান, আগামী দু’বছর সরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। ২০২৭ সালের নিয়োগ নীতি থেকেই এই সুবিধা কার্যকর করার কথা জানিয়েছেন তিনি। গত দশ বছরে নিয়োগের সুযোগ কমে যাওয়া এবং এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় ২৬ হাজার চাকরি বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর দাবি, বহু চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় রয়েছেন। তাঁদের কথা মাথায় রেখেই এই বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *