প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলায় আইনি জটিলতার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ডিজে বাজানো নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা বাড়ানোর আবেদন জানিয়েছেন অভিষেক। তবে সোমবার মামলার শুনানিতে আইনজীবীর বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। গ্রেফতারির আশঙ্কায় এর আগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। একইসঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৬ নভেম্বর পর্যন্ত ওই রক্ষাকবচের মেয়াদ বহাল রাখে আদালত।কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও রক্ষাকবচের মেয়াদ বাড়ানো নিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হন অভিষেক। মেয়াদ শেষ হওয়ার প্রায় ১০ দিন আগে এই সংক্রান্ত আবেদন জানানো হয়েছিল। সোমবার, ১৬ নভেম্বর অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি জানান তিনি। তবে শুনানির শুরুতেই প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর বক্তব্য, ইতিমধ্যেই অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাহলে আগেই কেন আদালতকে বিষয়টি জানানো হয়নি? জবাবে অভিষেকের আইনজীবী জানান, একাধিক মামলার ব্যস্ততার কারণে এই মামলাটির দিকে যথাযথ নজর দেওয়া সম্ভব হয়নি। অনিচ্ছাকৃতভাবেই বিষয়টি নজর এড়িয়ে গিয়েছে।আইনজীবীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিচারপতি। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, তাহলে মামলাটির শুনানি ডিসেম্বর মাসে অথবা আগামী বছরের জানুয়ারি মাসে করা যেতে পারে। যদিও আইনজীবীর বারবার অনুরোধের পর শেষ পর্যন্ত আগামী শুক্রবার শুনানির দিন ধার্য করতে রাজি হন বিচারপতি।ফলে আপাতত শুক্রবারের শুনানির দিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হবে কি না, আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
Hindustan TV Bangla Bengali News Portal