প্রসেনজিৎ ধর,কলকাতা :- হরিদেবপুরে চাঞ্চল্যকর ঘটনা। নিজের মাকেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৮৫ বছরের বৃদ্ধা। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েছিলেন ছেলে। সেই পরিস্থিতি থেকেই এমন ভয়াবহ ঘটনা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মাকে খুনের পর নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান অভিযুক্ত। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি চিরকুটও। তাতে লেখা, ‘মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।’ এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ।
মৃত বৃদ্ধার নাম উমারানী ঘোষ। অভিযুক্ত ছেলের নাম সাগর ঘোষ (৬৫)। সোমবার সকাল ১১টা নাগাদ হরিদেবপুর থানা এলাকার হাফিজ মহম্মদ ইসহাক রোডে তাঁদের বাড়িতে ঘটনাটি ঘটে। অভিযোগ, সাদা সুতো দিয়ে মায়ের গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুন করেন সাগর। বাড়িতে এই ঘটনা ঘটানোর পর নিজেই ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।জানা গিয়েছে, বাড়ির দোতলায় থাকতেন উমারানী ও তাঁর ছেলে সাগর। ওই বাড়িতেই থাকতেন সাগরের বোন। নীচের তলাটি ভাড়া দেওয়া রয়েছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না সাগরের বোন। সেই সুযোগেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা রয়েছে, ‘মাকে মুক্তি দিলাম। বাড়ি এসে আমাকেও আর পাবি না।’ চিরকুটটি অভিযুক্তেরই লেখা কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার নেপথ্যে পারিবারিক ও আর্থিক সমস্যার বিষয়টিও উঠে আসছে। স্থানীয় সূত্রে খবর, সাগর পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। ২০২১ সালে করোনা অতিমারির সময় চাকরি চলে যায় তাঁর। এরপর থেকেই পরিবারে আর্থিক অনটন শুরু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ সামলাতেও সমস্যায় পড়ছিলেন তিনি বলে সূত্রের খবর। তবে আর্থিক সমস্যাই এই ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়।অন্যদিকে, সাগরের পারিবারিক জীবন নিয়েও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। স্থানীয়দের দাবি, ২০২১ সালের আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। অভিযোগ, লকডাউনের সময় স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করেছিলেন সাগর। সেই ঘটনার পর থেকেই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান তাঁর স্ত্রী। এরপর থেকে এলাকায় খুব একটা দেখা যেত না সাগরকে। মাঝেমধ্যে বাইরে বেরোলেও তাঁর কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা লক্ষ্য করেছেন বলে দাবি স্থানীয়দের। কেউ কেউ তাঁর মানসিক অসুস্থতার কথাও জানিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি।
Hindustan TV Bangla Bengali News Portal