প্রসেনজিৎ ধর, কলকাতা :- চোরবাগান কাণ্ডে সাংবাদিক বৈঠক করে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও ওষুধের অপ্রতুলতা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। সেই ঘটনার জেরেই এ বার কলকাতা মেডিক্যাল কলেজের আট ইন্টার্নকে শো-কজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ মোট আট জনের কাছে শো-কজের চিঠি পাঠানো হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্ত ইন্টার্নদের অভিভাবকদের কাছেও ইমেল পাঠিয়েছে অধ্যক্ষের দফতর। হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।হাসপাতাল সূত্রে খবর, শো-কজের চিঠিতে মূলত দু’টি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ঘটনার দিন ডিউটিতে থাকা সত্ত্বেও নিজেদের দায়িত্ব পালন না করে ওই ইন্টার্নেরা সাংবাদিক বৈঠক করেছিলেন। পাশাপাশি, হাসপাতালে ওষুধের মজুত নিয়ে সাংবাদিক বৈঠকে তাঁরা যে সমস্ত অভিযোগ তুলেছিলেন এবং জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম না থাকার যে দাবি করেছিলেন, তার কোনও সত্যতা মেলেনি বলেও দাবি কর্তৃপক্ষের। এই একই বিষয় উল্লেখ করে ইন্টার্নদের অভিভাবকদেরও ইমেল করা হয়েছে।উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর দিন, ১৭ অক্টোবর চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১৯ জনের। ঘটনায় আহতদের প্রথমে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলেও পরে রাজ্য সরকারের উদ্যোগে তাঁদের অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই সিদ্ধান্ত ঘিরেই প্রশ্ন তুলেছিলেন মেডিক্যাল কলেজের একদল জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন। ঘটনার রাতেই সাংবাদিক বৈঠক করে তাঁরা জানতে চান, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল থেকে আহতদের কেন বেসরকারি হাসপাতালে পাঠানো হল? একই সঙ্গে রক্তক্ষরণ বন্ধের ওষুধ এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাব নিয়েও সরব হয়েছিলেন সৌম্যদীপ দে-সহ কয়েক জন ইন্টার্ন।
এই ঘটনা ঘিরে বিতর্ক পৌঁছয় স্বাস্থ্য ভবনে। নবমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছিলেন, ঘটনার দিন জুনিয়র চিকিৎসকেরা নিজেদের ডিউটি ফেলে সাংবাদিক বৈঠক করেছিলেন কি না, তা খতিয়ে দেখতে। এর পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। অভিযোগের বিষয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্রাথমিক রিপোর্টে হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ মজুত থাকার কথাই জানিয়েছেন। সেই ঘটনার পরেই এ বার আট ইন্টার্নকে শো-কজের সিদ্ধান্ত নিল মেডিক্যাল কলেজ।তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত ইন্টার্নেরা। তাঁদের পাল্টা দাবি, সাংবাদিক বৈঠকের সময় তাঁদের ডিউটি শেষ হয়ে গিয়েছিল। শো-কজের তালিকায় থাকা এক জুনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নির্ধারিত দায়িত্ব শেষ করার পর সংশ্লিষ্ট পিজিটি-দের জানিয়েই তাঁরা হাসপাতালের বাইরে গিয়েছিলেন। ঘটনার খবর পেয়ে পরে আবার হাসপাতালে ফিরে আসেন। অন্য এক ছাত্রের দাবি, সেদিন তাঁর ‘ওটি ডে’ ছিল। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁর ডিউটি শেষ হয়ে যায়। এরপর পিজিটি-র অনুমতি নিয়েই তিনি সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন। তা হলে কীসের ভিত্তিতে তাঁর নাম শো-কজের তালিকায় রাখা হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি। যদিও এই মুহূর্তে প্রকাশ্যে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাইছেন না ইন্টার্নেরা। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে সূত্রের খবর।
এদিকে, শো-কজের বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজের এক কর্তা জানিয়েছেন, স্বাস্থ্য ভবনের নির্দেশ মেনেই ইন্টার্নদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে। তাঁর কথায়, “এনএমসি-র গাইডলাইন মেনে কেন ওই আট জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ছাত্রেরা তাঁদের বক্তব্য জানানোর পর পরবর্তী পদক্ষেপ করা হবে।”
Hindustan TV Bangla Bengali News Portal