দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উৎসবের মরশুমে বামপন্থী ও প্রগতিশীল সাহিত্যের স্টলে একের পর এক হামলার প্রতিবাদে বইকেই হাতিয়ার করে পথে নামলেন বামমনস্ক মানুষজন। সেই প্রতিবাদেরই অংশ হিসেবে মঙ্গলবার থেকে কলেজ স্ট্রিটে তিন দিনের ‘মিনি বইমেলা’র আয়োজন করেছিল সিপিএম ও তাদের ছাত্র সংগঠন এসএফআই। কিন্তু মেলা শুরুর আগেই পুলিশের বাধার মুখে পড়েন উদ্যোক্তারা। আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও কেন তাঁদের বইয়ের স্টল বসাতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান এসএফআই সদস্যরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ একাধিক ছাত্রছাত্রী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
পূর্বঘোষণা অনুযায়ী, ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটি হলের সামনে ন্যাশনাল বুক এজেন্সির উদ্যোগে এই মিনি বইমেলা হওয়ার কথা ছিল। এসএফআই সদস্যদের দাবি, সেই কর্মসূচির জন্য প্রয়োজনীয় পুলিশি অনুমতিও নেওয়া হয়েছিল। সেই মতো মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ধরনের বই নিয়ে স্টল সাজানোর প্রস্তুতি শুরু করেন তাঁরা। কিন্তু অভিযোগ, কাজ শুরু করতেই বাধা দেয় পুলিশ। বইয়ের স্টল বসাতে দেওয়া হবে না বলে জানানো হয়।এরপর পুলিশের সঙ্গে কথা বলতে এগিয়ে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। দীর্ঘক্ষণ ধরে পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। শেষ পর্যন্ত পুলিশের বাধার প্রতিবাদে কলেজ স্ট্রিটের রাস্তাতেই বই সাজিয়ে বসে পড়েন এসএফআই কর্মী-সমর্থকেরা। ব্যস্ত সময়ে রাস্তার উপর বই নিয়ে বসায় যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় যানজট।
এরপরই আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে উদ্যোগী হয় পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন এসএফআই সদস্যকে আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের বক্তব্য, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে বই বিক্রির কোনও অনুমতি নেই। রাস্তার উপর এ ভাবে স্টল বসিয়ে তাঁরা আইন লঙ্ঘন করছেন। অন্যদিকে, আগাম অনুমতি থাকা সত্ত্বেও কেন বইমেলা করতে বাধা দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা।
ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় সরব হন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। ফেসবুক পোস্টে প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি লেখেন, ‘আমাদের হাতিয়ার বই, বই, আরও বই, আরও বই। যুদ্ধে অবতীর্ণ হও সবাই।’ বইয়ের স্টলে হামলার প্রতিবাদে বইমেলার আয়োজন, আর সেই আয়োজন ঘিরেই পুলিশের সঙ্গে সংঘাত—কলেজ স্ট্রিটের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal