Breaking News

ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির ৩৪ বছর পর ফের মৃত্যুদণ্ড! পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনে সাজা বহাল হাই কোর্টে

প্রসেনজিৎ ধর:- ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মৃত্যুদণ্ডের রায়ের ৩৪ বছর পর ফের ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হুগলির এক পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত অশোক সিংহের মৃত্যুদণ্ডের নির্দেশ বহাল রাখে উচ্চ আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। তবে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ দিতে আগামী তিন মাস মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, ১৯৯০ সালের ৫ মার্চ কলকাতার একটি আবাসনে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন হয়েছিল কিশোরী হেতাল পারেখ। সেই ঘটনায় অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ১৯৯১ সালে আলিপুর দায়রা আদালত মৃত্যুদণ্ডের সাজা শোনায়। পরবর্তী সময়ে মামলাটি কলকাতা হাই কোর্টে গেলে ১৯৯২ সালের ৭ অগস্ট নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। সুপ্রিম কোর্টেও বহাল ছিল সেই সাজা। শেষ পর্যন্ত ২০০৪ সালের ১৪ অগস্ট ফাঁসি হয় ধনঞ্জয়ের। তার পর দীর্ঘ ৩৪ বছরে কোনও ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেয়নি কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারের রায়ে ফের সেই মৃত্যুদণ্ডের নির্দেশ সামনে এল।ঘটনাটি হুগলির গুড়াপের। গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ির সামনে খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের শিশুকন্যাটি। বাজারে যাওয়ার সময় মেয়েকে বাড়ির সামনেই খেলতে দেখে গিয়েছিলেন তার বাবা। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে প্রতিবেশী অশোক সিংহের বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা দায়ের হয়।
তদন্তের পর গত ৯ ডিসেম্বর চার্জশিট জমা দেয় পুলিশ। ১১ ডিসেম্বর অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। এরপর মাত্র এক মাসের মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ-সহ গোটা বিচারপ্রক্রিয়া শেষ হয়। চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অভিযুক্ত অশোক সিংহকে মৃত্যুদণ্ডের সাজা শোনান। উল্লেখযোগ্য বিষয়, যেদিন এই সাজা ঘোষণা করা হয়েছিল, সেদিনই ছিল নিহত শিশুকন্যার জন্মদিন।
নিম্ন আদালতের সেই মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অশোক। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে। তবে আইন অনুযায়ী, সর্বোচ্চ আদালতে যাওয়ার সুযোগ দিতে তিন মাসের জন্য রায় কার্যকর স্থগিত রাখা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *