Breaking News

কলকাতা পুলিশে নতুন র‌্যাফ ব্যাটালিয়ন গড়ার অনুমোদন নবান্নের, ৭৯০টি পদে নিয়োগের প্রস্তুতি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশে আরও শক্তিশালী বাহিনী গড়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)-এর নতুন ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র দফতর। ইতিমধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। নতুন এই ব্যাটালিয়নের জন্য মোট ৭৯০টি পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৫০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে এই বাহিনীতে। পাশাপাশি ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর, এসপি এবং ডিসিপি পদমর্যাদার আধিকারিকেরাও থাকবেন।
কলকাতা পুলিশে বর্তমানে র‌্যাফ বাহিনী থাকলেও আইনশৃঙ্খলা রক্ষার পরিকাঠামো আরও মজবুত করতেই এই নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। শহরের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হবে এই বাহিনীকে। পাশাপাশি বড় উৎসব, জনসমাগম এবং বিশেষ নিরাপত্তার প্রয়োজন রয়েছে, এমন কর্মসূচিতেও দায়িত্ব সামলাবে তারা।
সম্প্রতি দুর্গাপুজোর সময়ে চোরবাগানের একটি ক্লাবে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনার পর কলকাতা পুলিশের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে র‌্যাফের নতুন ব্যাটালিয়ন তৈরির সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।রাজ্যের পুলিশ বাহিনীর দক্ষতা ও পরিকাঠামোগত উন্নয়নের বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য ছিল, একসময় পশ্চিমবঙ্গ পুলিশের দক্ষতা যথেষ্ট উঁচু স্তরে ছিল। কলকাতা পুলিশের সঙ্গে আন্তর্জাতিক স্তরের একাধিক পুলিশ বিভাগের তুলনাও করা হত। কিন্তু বিগত সরকারের আমলে সেই দক্ষতাকে যথাযথ ভাবে কাজে লাগানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। নিজের সরকারের আমলে পুলিশের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি বাহিনীকে আরও আধুনিক করে তোলার আশ্বাসও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরেও কলকাতায় ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। শহরের বিভিন্ন পুলিশ ডিভিশনে ছড়িয়ে রয়েছে সেই বাহিনী। ভোট মিটে যাওয়ার পরেও কেন কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার প্রয়োজন হচ্ছে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছিল। কলকাতা পুলিশের নিজস্ব র‌্যাফ বাহিনীর সংখ্যা তুলনামূলক ভাবে কম হওয়ায় সেই ঘাটতি পূরণ করতেই নতুন ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা বলে মনে করা হচ্ছে।
পুলিশের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আধুনিক সরঞ্জাম ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপরেও জোর দিতে চান শুভেন্দু। কলকাতা পুলিশকে দেশের অন্যতম দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যও জানিয়েছেন তিনি। সেই পরিকল্পনারই অন্যতম পদক্ষেপ হতে পারে নতুন র‌্যাফ ব্যাটালিয়ন।সিআরপিএফ-সহ আধাসেনা বাহিনীতে র‌্যাপিড অ্যাকশন ফোর্স মূলত অশান্তি, হিংসা এবং আইনশৃঙ্খলার অবনতি মোকাবিলায় বিশেষ ভূমিকা পালন করে। সেই আদলেই কলকাতা পুলিশের নতুন ব্যাটালিয়নকে তৈরি করার পরিকল্পনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যদিও এই বাহিনীর দায়িত্ব ও কাজের পরিধি নিয়ে বিস্তারিত নির্দেশিকা এখনও সামনে আসেনি। অন্যদিকে, নতুন বাহিনীকে ঘিরে বিরোধী শিবিরের আশঙ্কা, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিক্ষোভ ও আন্দোলন দমনেও এর ব্যবহার করতে পারে সরকার। ফলে নতুন ব্যাটালিয়নের ভূমিকা কী হবে, তা নিয়ে রাজনৈতিক মহলেও নজর থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *