Breaking News

ইমার্জেন্সিতে ওষুধ ছিল না, মানল কাউন্সিল! তবু ৮ ইন্টার্নের শো-কজ প্রত্যাহার নয়, অধ্যক্ষকে ঘেরাও মেডিক্যালে

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- চোরবাগান কাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের তোলা অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। ঘটনার রাতে হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ওষুধের মজুত ছিল না বলে অভিযোগ উঠেছিল। এবার কলেজ কাউন্সিলের বৈঠকেও হাসপাতালের ওষুধের ঘাটতির কথা স্বীকার করে নেওয়া হয়েছে বলে দাবি। শুধু জরুরি বিভাগের ওষুধ নয়, হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় ওষুধের অভাবের বিষয়টিও বৈঠকে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। এরপরই আট ইন্টার্ন চিকিৎসকের শো-কজ নোটিস প্রত্যাহারের দাবিতে আরও জোরালো হয়েছে আন্দোলন।পড়ুয়া ও ইন্টার্ন চিকিৎসকদের প্রশ্ন, কলেজ কাউন্সিলের বৈঠকে ওষুধের ঘাটতির কথা স্বীকার করা হয়ে থাকলে, যাঁরা সেই অভিযোগ তুলেছিলেন, তাঁদের বিরুদ্ধে শো-কজ নোটিস কেন বহাল রাখা হচ্ছে? কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত সত্ত্বেও কেন আট ইন্টার্নের শো-কজ প্রত্যাহার করা হচ্ছে না, তা নিয়েই ক্ষোভ বাড়ছে তাঁদের মধ্যে। পাশাপাশি হাসপাতালের জরুরি ও জীবনদায়ী ওষুধের সংকট অবিলম্বে মেটানোর দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। এই দুই দাবিকে সামনে রেখেই মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকেরা একজোট হয়ে অধ্যক্ষের দফতর ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।বিতর্কের সূত্রপাত চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনার রাতে। ওই ঘটনার পর কলকাতা মেডিক্যাল কলেজের পরিকাঠামো এবং জরুরি ওষুধের অভাব নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন আট ইন্টার্ন চিকিৎসক। তাঁদের বক্তব্য ঘিরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত শুরু হয়। পরবর্তী সময়ে সৌম্যদীপ দে, আয়ুষ ঝা এবং অজিঙ্কা কুমার বর্মা-সহ মোট আট জন ইন্টার্নকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। শুধু তাই নয়, তাঁদের অভিভাবকদের কাছেও ইমেল পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছিল। এই পদক্ষেপের প্রতিবাদেই সরব হন মেডিক্যাল কলেজের পড়ুয়া ও চিকিৎসকদের একাংশ।
এদিকে সূত্রের খবর, কলেজ কাউন্সিলের বৈঠকে আট ইন্টার্নের বিরুদ্ধে জারি করা শো-কজ নোটিস প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয় এবং তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল বলে দাবি। কিন্তু কলেজের অধ্যক্ষ ও এমএসভিপি সেই সিদ্ধান্ত কার্যকর করতে রাজি নন বলে অভিযোগ। প্রশাসনের শীর্ষ দুই কর্তার এই অবস্থান ঘিরেই নতুন করে ক্ষোভ ছড়িয়েছে। ছাত্রছাত্রীদের বক্তব্য, ওষুধের ঘাটতির অভিযোগ যদি সত্যি বলে মেনে নেওয়া হয়, তাহলে সেই অভিযোগ প্রকাশ্যে আনার জন্য ইন্টার্নদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কোনও যুক্তি থাকতে পারে না।

এই পরিস্থিতিতে বুধবার বিষয়টি নিয়ে মুখ খোলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি অধ্যক্ষের পদক্ষেপের পক্ষেই সওয়াল করেন। সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, প্রশাসন আইন মেনে কোনও পদক্ষেপ করলে তার প্রতিবাদে ঘেরাও বা অশান্তির পরিবেশ তৈরি করা সমর্থনযোগ্য নয়। জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে তাঁর আবেদন, আইন আইনের পথে চলুক। শো-কজ নোটিসের জবাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে লিখিতভাবে নিজেদের বক্তব্য জানানো উচিত। ঘেরাও কোনওভাবেই তার বিকল্প হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।অধ্যক্ষের পদক্ষেপের সমর্থনে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, একটি টিচিং হাসপাতালের প্রধান হিসেবে অধ্যক্ষের প্রশাসনিক দায়িত্ব রয়েছে। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম মেনে তিনি কোনও পদক্ষেপ করে থাকলে, তা আইনের শাসনের মধ্যেই পড়ে। কারও বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকলে, সেই অনুযায়ী কারণ দর্শানোর নোটিস পাঠানোর অধিকার অধ্যক্ষের রয়েছে। তবে মন্ত্রীর এই মন্তব্যের পরেই কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে উত্তেজনা আরও বেড়েছে। একদিকে আট ইন্টার্নের শো-কজ প্রত্যাহারের দাবি, অন্যদিকে হাসপাতালের জরুরি ও জীবনদায়ী ওষুধের ঘাটতি পূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়া ও ইন্টার্ন চিকিৎসকেরা। কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া বিতর্কে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কী অবস্থান নেয়, এখন সেদিকেই নজর।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *