প্রসেনজিৎ ধর :-ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সাইবার প্রতারণার কারবার চালানোর অভিযোগে আমডাঙা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শেখ সরফরাজ ইসলাম। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার অন্তর্গত উলুডাঙা এলাকায়। সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তে বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ পরিচয়পত্র, কম্পিউটার-সহ একাধিক সামগ্রী এবং নগদ টাকা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধনপুর গ্রামে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের একটি কিয়স্ক চালাতেন সরফরাজ। অভিযোগ, ওই কিয়স্ককে কাজে লাগিয়ে একাধিক মিউল ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পরবর্তীকালে সেই অ্যাকাউন্টগুলিই সাইবার প্রতারণার কাজে ব্যবহার করা হয় বলে তদন্তে উঠে এসেছে।
ধৃতের কাছ থেকে তিনটি স্মার্টফোন, তিনটি সিম কার্ড, সিপিইউ-সহ দুটি ডেস্কটপ কম্পিউটার, তিনটি প্রিন্টার এবং একটি ফিঙ্গার স্ক্যানার বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৫৪টি ভোটার কার্ড, ২৭টি আধার কার্ড, ৬৫টি খাদ্যসাথী কার্ড এবং সাতটি প্যান কার্ড। একজন পিএইচই ইঞ্জিনিয়ারের সিল ও নগদ ৭১ হাজার ৫০০ টাকাও উদ্ধার হয়েছে।তদন্তকারীদের অভিযোগ, এলাকার নাবালক ছেলেদের গেম খেলার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ করা হত। আমডাঙার সাধনপুরের বাসিন্দা দিব্যজ্যোতি সরকার ওরফে রাজুর বিরুদ্ধে এই নথি সংগ্রহের অভিযোগ উঠেছে। পরে সেই নথি ব্যবহার করে সিএসপি-র মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হত বলে পুলিশের দাবি। অ্যাকাউন্ট খোলার পর সংশ্লিষ্ট এটিএম কার্ড পৌঁছে যেত জামতাড়া গ্যাংয়ের সদস্যদের হাতে। গেমিং সংক্রান্ত লেনদেন-সহ বিভিন্ন আর্থিক প্রতারণায় ওই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, উদ্ধার হওয়া নথি ব্যবহার করে কতগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছিল এবং সেগুলির মাধ্যমে কত টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জামতাড়া গ্যাংয়ের সঙ্গে ধৃতের যোগাযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal