প্রসেনজিৎ ধর, কলকাতা :-চোরবাগান কাণ্ডে তদন্তে নতুন মোড়। মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা কে করেছিলেন, তা নিশ্চিত করতে এবার দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল পুলিশ। প্রেসিডেন্সি জেলে গিয়ে অভিযুক্ত কুশল মজুমদার ওরফে কালিয়া এবং সঞ্জীব রাহা ওরফে সেন্টুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তদন্তকারীদের অনুমান, সপ্তমীর সন্ধ্যায় মাইকে ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’ বলে যে ঘোষণা করা হয়েছিল, তার নেপথ্যে কারা ছিলেন, তা জানতে এই নমুনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
ঘটনার দিন সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছিল। সেই সময় আচমকাই মাইকে ঘোষণা করা হয়, ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে!’ অভিযোগ, এই ঘোষণার জেরেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুরু হয় হুড়োহুড়ি। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। কে বা কারা ওই ঘোষণা করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। সন্দেহের তালিকায় থাকা দুই ঘোষক সঞ্জীব ও কুশলকে পরবর্তী সময়ে গ্রেফতার করা হয়।চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ সঞ্জীব রাহার উপর ঘোষণার মূল দায়িত্ব ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু গ্রেফতারই নয়, তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করানো হয়। অন্যদিকে, কুশল মজুমদারের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর তাঁর ফেসবুক হ্যান্ডল থেকে একাধিক পোস্ট করা হয়। এমনকি হাতে লেখা একটি নোটের ছবিও পোস্ট করা হয়। সেখানে তাঁর দাবি ছিল, পুলিশের এক আধিকারিকের কথাতেই সম্ভাব্য দুর্ঘটনার কথা জানিয়ে দর্শনার্থীদের মণ্ডপ থেকে সরে যেতে বলেছিলেন তিনি। কোন পরিস্থিতিতে ওই ঘোষণা করেছিলেন, তা নিয়ে পুলিশের কাছে আগেই নিজের বক্তব্য জানিয়েছেন কুশল। বিশেষ তদন্তকারী দল বা সিটও তাঁর বক্তব্য শুনেছে।
তদন্তে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার আগে সেন্টু নাকি কালিয়াকে জানিয়েছিলেন যে তিনি ‘ভিতরে যাচ্ছেন’। অর্থাৎ, পুজো কমিটির সদস্যদের বসার নির্দিষ্ট জায়গায় যাচ্ছিলেন তিনি। সেই সময় কালিয়া ঘোষকের দায়িত্ব সামলান। তবে কালিয়ার ঘোষণা এবং দুর্ঘটনার সময়ের মধ্যে ঠিক কতটা যোগসূত্র রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারীরা সিসি ক্যামেরার ফুটেজের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন।উল্লেখ্য, চোরবাগান মণ্ডপে মোট ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই দু’টি ডিভিআর বাজেয়াপ্ত করেছে। একটি ডিভিআরে ১৪টি এবং অন্যটিতে ১৬টি ক্যামেরার ফুটেজ থাকার কথা। কিন্তু সূত্রের খবর, একটি ডিভিআর থেকে মাত্র ১৩টি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে। বাকি ক্যামেরাগুলির ফুটেজ পাওয়া যায়নি। কেন এবং কী পরিস্থিতিতে সেই ফুটেজগুলি পাওয়া গেল না, তা নিয়েও তদন্ত চলছে। দুর্ঘটনার আগে ঠিক কখন, কী পরিস্থিতিতে এবং কার নির্দেশে মাইকে ঘোষণা করা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
এই পরিস্থিতিতে দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আদালতের অনুমতি নিয়ে নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। এবার সেই নমুনার সঙ্গে দুর্ঘটনার সময় মাইকে শোনা ঘোষণার কণ্ঠস্বর মিলিয়ে দেখবেন ফরেনসিক বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। আহত হন আরও অনেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছেন সঞ্জীব রাহা ও কুশল মজুমদারও। তদন্তকারীদের নজর এখন কণ্ঠস্বরের নমুনা এবং সিসি ক্যামেরার ফুটেজের দিকে।
Hindustan TV Bangla Bengali News Portal