Breaking News

২৫৪ বছরের ঐতিহ্যবাহী পুজোয় নজরকাড়া সাজ বুড়িমার, ২২ কেজি সোনা-রুপোর অলঙ্কারে সজ্জিতা দেবী! মহাভোগের আয়োজনেও চমক চাষাপাড়ায়

দেবরীনা মণ্ডল সাহা:- কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই চাষাপাড়ার বিখ্যাত ‘বুড়িমা’। বিশালাকার প্রতিমা, সাবেকি সাজ এবং বিপুল সোনা-রুপোর অলঙ্কারে দেবীর অপরূপ রূপ দেখতে প্রতি বছরই ভিড় জমান দূরদূরান্তের অসংখ্য ভক্ত। এ বছর ২৫৪ বছরে পা দিল চাষাপাড়ার ঐতিহ্যবাহী এই পুজো। এবার ভক্তদের নিবেদন করা ৭২টি বেনারসি শাড়ি এবং প্রায় ২২ কেজি সোনা-রুপোর গয়নায় সাজানো হয়েছে দেবীকে। বাদ যায়নি মায়ের বাহন সিংহও। তার মাথাতেও শোভা পাচ্ছে সোনার মুকুট, সঙ্গে রয়েছে নানা অলঙ্কার। বিপুল ভক্তসমাগমের কথা মাথায় রেখে মহাভোগেরও বিশাল আয়োজন করেছিলেন পুজো উদ্যোক্তারা। প্রায় ১৫০০ কুইন্টাল চাল ও ১২০০ কুইন্টাল ঘি দিয়ে তৈরি হয়েছে মহাভোগ।
জনশ্রুতি অনুযায়ী, মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই এই পুজোর সূচনা হয়েছিল। বছরের পর বছর ধরে ভক্তদের বিশ্বাস ও মানতের অলঙ্কারেই সেজে ওঠেন চাষাপাড়ার বুড়িমা। ভক্তদের বিশ্বাস, মায়ের কাছে মানত করে মনস্কামনা পূরণ হলে তাঁরা সোনার গয়না নিবেদন করেন। সেই নিবেদিত অলঙ্কারই ধীরে ধীরে হয়ে উঠেছে বুড়িমার সাজের অন্যতম বৈশিষ্ট্য। ফলে প্রতিমার গয়নার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের বিশ্বাস, আবেগ ও ভক্তি।পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মহাষ্টমীর দুপুর ১২টা থেকে ভক্তদের মানতের সামগ্রী গ্রহণ শুরু হয়। সন্ধ্যায় দেবীকে সাজানো হয় বিপুল সোনা-রুপোর অলঙ্কারে। বুধবার শুক্লপক্ষের নবমী তিথিতে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হয়েছে। ভোর ৫টা ৫৮ মিনিটে পুজো শুরু হওয়ার পর সকাল সাড়ে ৯টা, দুপুর ১২টা এবং বিকেল সাড়ে ৩টেয় পুষ্পাঞ্জলির ব্যবস্থা ছিল। দুপুর ৩টেয় নবমীর বলিদান এবং সন্ধ্যা ৬টায় বিশেষ আরতির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দশমীর দিন সকাল ৭টা ২২ মিনিটে বিসর্জনের পুজো শেষ হওয়ার কথা। এরপর বরণ পর্ব সেরে দুপুর আড়াইটের মধ্যে দেবীকে আসন থেকে নামানো হবে। প্রথা মেনে ভক্তদের কাঁধে চেপেই বিসর্জনের উদ্দেশে রওনা দেবেন বুড়িমা। অন্যান্য প্রতিমার নিরঞ্জন সম্পন্ন হওয়ার পর সবার শেষে জলঙ্গির ঘাটে বিসর্জন দেওয়া হবে তাঁকে।
প্রসাদ বিতরণেও ছিল বিশেষ ব্যবস্থা। ভক্তদের ভিড় সামলাতে দুটি পৃথক জায়গা থেকে বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ভোগ বিতরণ করা হয়। মায়ের পুজো দিতে আসা ভক্তরা কুপন দেখিয়ে সন্দেশ ভোগ সংগ্রহ করেন। অন্যদিকে, পোলাও প্রসাদ বা অন্নভোগের জন্য ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার কুপনের ব্যবস্থা ছিল। পাশাপাশি বিনামূল্যেও প্রসাদ গ্রহণের সুযোগ ছিল। পুজো কমিটির সভাপতি বিনীলকুমার ঘোষ জানিয়েছেন, এ বছরও আয়োজন করা হয় বিনামূল্যের ‘অন্নমহোৎসব’। সেখানে যে কেউ বসে প্রসাদ গ্রহণ করেন।এবারের পুজোয় ভক্তদের জন্য আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে পুজো কমিটি। এত দিন পুজোর মরসুম শেষ হলে মন্দিরে প্রতিমা না থাকায় ভক্তরা শুধু বেদিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। এবার সেই ব্যবস্থায় বদল আনা হচ্ছে। মন্দিরে স্থাপন করা হচ্ছে প্রায় ২০ কেজি ওজনের অষ্টধাতুর চরণযুগল। বাৎসরিক পুজোর দিন তার উদ্বোধন হবে। ফলে পুজোর মরসুম শেষ হলেও সারা বছর বুড়িমার চরণ দর্শন ও পুজো দিতে পারবেন ভক্তরা। নৈহাটির বড়মার মন্দিরের আদলে এবার থেকে সকাল ও সন্ধ্যায় দু’বেলা চরণযুগলে পুজোর ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, উৎসবের কয়েকটি দিন নয়, সারা বছরই ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে কৃষ্ণনগরের বুড়িমার চরণ দর্শনের সুযোগ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *