Breaking News

‘আকভান’-এর প্রভাবে বাড়বে বৃষ্টি, জলযন্ত্রণা রুখতে তৎপর কলকাতা পুরসভা, ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চাল!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বুধবার সকাল থেকেই দুর্যোগের মুখে কলকাতা। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি কখনও হালকা, কখনও আবার মুষলধারে। একটানা বৃষ্টিতে ব্যাহত হচ্ছে শহরের স্বাভাবিক জনজীবন। আবহাওয়ার পরিস্থিতি ক্রমশ খারাপ হওয়ার আশঙ্কায় আগাম সতর্ক কলকাতা পুরসভা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় পুরীর দিকে যত এগোবে, দক্ষিণবঙ্গে ততই বাড়বে দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এর জেরে শহরের একাধিক নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালাতে কলকাতা পুরসভায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
শহরের রাস্তা, নিকাশি ব্যবস্থা, সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বুধবার পুরসভার তরফে বিশেষ বৈঠক করা হয়। বৈঠকে জল জমার প্রবণতা রয়েছে, এমন এলাকাগুলিতে দ্রুত জল বের করার ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ম্যানহোল খুলে নিকাশি ব্যবস্থা সচল রাখার কথাও বলা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নিকাশি বিভাগের কর্মীদের ঘটনাস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নর্দমায় আবর্জনা জমে যাতে জল বেরোনোর পথ বন্ধ না হয়ে যায়, সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে সাফাইকর্মীদের।বৃষ্টির জেরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা এড়াতেও সতর্ক পুরসভা। শহরের বিভিন্ন রাস্তায় নজরদারি চালাবেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভার নিকাশি বিভাগের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে খবর। দুর্যোগ চলাকালীন যে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।পুরসভার তরফে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে ভবানীপুর, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, পার্ক স্ট্রিট এবং ডালহৌসির আশপাশের এলাকাগুলিতে। এই সমস্ত জায়গায় অতীতে জল জমার সমস্যা দেখা গিয়েছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিচু এলাকাগুলিতে জল দ্রুত বের করতে ‘জেড সাকশন’ গাড়ি মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। ফলে আগামী কয়েক দিন শহরের জলযন্ত্রণা এবং দুর্যোগ মোকাবিলাই কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *