Breaking News

কলকাতা মেডিক্যালে তাণ্ডবের পিছনে ‘মানসিক মাওবাদী’রা! বামপন্থী চিকিৎসকদের মদতের অভিযোগ, তদন্তে কমিটি গড়ল স্বাস্থ্যভবন

নিজস্ব সংবাদদাতা:- আট ইন্টার্নের শো-কজ প্রত্যাহারের দাবিকে কেন্দ্র করে বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। অধ্যক্ষের দফতরে ঢুকে ভাঙচুর, হট্টগোল এবং দুই অধ্যাপককে নিগ্রহের অভিযোগ ঘিরে বৃহস্পতিবারও থামেনি বিতর্ক। এবার এই ঘটনার পিছনে সরাসরি অতিবাম ও মাওবাদী মানসিকতার পড়ুয়াদের দায়ী করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, মাত্র ১০-১৫ জন পড়ুয়া বুধবার রাতে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছেন, তাতে গোটা চিকিৎসক সমাজের সম্মানহানি হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে স্বাস্থ্য ভবনের তরফে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, হামলা ও বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ তুলে বৃহস্পতিবার হাসপাতাল চত্বরে পাল্টা মিছিল ও জমায়েতের ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।
বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করা হয়। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ওই বৈঠকে ছিলেন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা এবং স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার রাতের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।শারদ্বত মুখোপাধ্যায়ের অভিযোগ, শো-কজ নোটিসকে কেন্দ্র করে ১০-১৫ জন পড়ুয়া অধ্যক্ষের দফতরে ঢুকে তাণ্ডব চালান। তাঁর কথায়, ওই পড়ুয়ারা অতিবাম, নকশালপন্থী ও মাওবাদী মানসিকতার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ স্বাস্থ্য দফতরের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি। মন্ত্রীর বক্তব্য, শিক্ষকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকী, যাঁদের কাছে পড়াশোনা করে তাঁরা চিকিৎসক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, সেই শিক্ষকদেরই হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের আচরণ চিকিৎসক সমাজের মর্যাদাকে আঘাত করেছে।
দুই অধ্যাপককে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগও তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, এই ঘটনার পক্ষে প্রয়োজনীয় নথি এবং সিসিটিভি ফুটেজ রয়েছে স্বাস্থ্য দফতরের কাছে। কলেজে প্রায় ১২৫০ জন পড়ুয়া থাকলেও বুধবার রাতে মাত্র ১০-১৫ জনের একটি দলই বিশৃঙ্খলা তৈরি করেছিল বলে দাবি তাঁর। ওই পড়ুয়াদের সঙ্গে অতিবাম ও নকশালপন্থী সংগঠনের যোগ রয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
এদিন আরও একধাপ এগিয়ে শারদ্বত অভিযোগ করেন, কিছু বামপন্থী চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছেন। কয়েকজন সিনিয়র চিকিৎসক সরাসরি সামনে না এলেও আড়াল থেকে এই ধরনের কর্মকাণ্ডে মদত দিচ্ছেন বলে তাঁর দাবি। মন্ত্রীর কথায়, বুধবারের ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। তাঁদের মধ্যে ১০-১৫ জনের মুখ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পরিচিত। অতীতে তাঁদের বিরুদ্ধে ডিউটি বিক্রি এবং ডিউটি সংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *