প্রসেনজিৎ ধর, হুগলি:-ছটপুজো উপলক্ষে মুম্বই থেকে ঝাড়খণ্ডে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন মা ও মেয়ে। উৎসব শেষে ফেরার পথে পশ্চিমবঙ্গে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দু’জনের। মৃতেরা হলেন আভা ঝা (৪৮) এবং তাঁর মেয়ে প্রগতি ঝা (১৯)। বুধবার রাতের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আভা ও তাঁর মেয়ে প্রগতি ছটপুজো উপলক্ষে ঝাড়খণ্ডের ধানবাদে আত্মীয়দের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে বুধবার উত্তরপাড়ায় অন্য এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেই মতো হাওড়া স্টেশন থেকে ট্রেনে উত্তরপাড়ার উদ্দেশে রওনা দেন মা ও মেয়ে। কিন্তু গন্তব্যে পৌঁছেও আর আত্মীয়ের বাড়িতে যাওয়া হল না তাঁদের। অভিযোগ, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হওয়ার সময় আপ রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন দু’জন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে খবর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মা ও মেয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত আভা ঝার স্বামী মোহিতকুমার ঝা মুম্বইয়ের একজন চিত্র পরিচালক। তাঁদের মেয়ে প্রগতি মুম্বইতেই আইন নিয়ে পড়াশোনা করছিলেন। শুক্রবার বিমানে মা ও মেয়ের মুম্বই ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছেন মোহিত। পরিবারের সদস্য চন্দনকুমার ঝা ভাগলপুরের বাসিন্দা এবং পেশায় আইনজীবী। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন। এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হল, হাওড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে মা ও মেয়ে যে শেষ নিজস্বী তুলেছিলেন, সেটিই এখন তাঁদের একসঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতি। ছবিতে দু’জনের মুখেই ছিল হাসি। প্রগতির হাতে ছিল ক্যামেরা, মেয়ের কাঁধে হাত রেখে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন আভা। কয়েক ঘণ্টা পরেই যে এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, তা হয়তো কল্পনাও করতে পারেননি তাঁরা। আনন্দের সফর মুহূর্তে পরিণত হল চরম শোকের ঘটনায়।
Hindustan TV Bangla Bengali News Portal