Breaking News

৪ ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন, স্বাস্থ্য থেকে বিধায়কদের ভাতা—আসছে একাধিক গুরুত্বপূর্ণ বিল!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মাস ঘুরলেই বসতে চলেছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার বিধানসভা সূত্রে অধিবেশনের প্রাথমিক সূচি চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। জানা যাচ্ছে, আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে অধিবেশন, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশ করানোর প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য স্বাস্থ্য সংক্রান্ত বিল এবং বিধায়কদের অফিস ভাতা সংক্রান্ত প্রস্তাব। সব ঠিক থাকলে এই অধিবেশনেই বিলগুলি পেশ করে পাশ করানো হতে পারে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এটাই রাজ্য বিধানসভার প্রথম শীতকালীন অধিবেশন। অন্যদিকে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশনও শুরু হওয়ার কথা।
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, ৪ ডিসেম্বর শুক্রবার অধিবেশনের সূচনা হবে। প্রথম দিন প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোকপ্রস্তাব পাঠ করা হতে পারে। সেই প্রস্তাব পাঠ করতে পারেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। এরপর শনি ও রবিবার অধিবেশনের কাজকর্ম বন্ধ থাকবে। ফের ৭ ডিসেম্বর, সোমবার থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।সূত্রের খবর, স্বাস্থ্যক্ষেত্রে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের নেওয়া একাধিক সিদ্ধান্তকে আইনি স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিল আনার পরিকল্পনা রয়েছে। সেই কারণে আসন্ন অধিবেশনে স্বাস্থ্য সংক্রান্ত বিল পেশ হতে পারে। পাশাপাশি বিধায়কদের ভাতা ও বেতন সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।উল্লেখ্য, নতুন সরকারের কাছে ভাতা বৃদ্ধির আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন প্রাক্তন বিধায়কদের একাংশ। বিষয়টি নিয়ে আগেই রাজ্য মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। প্রাক্তন বিধায়কদের ভাতা কিছুটা বাড়ানোর প্রস্তাবও উঠে আসে। সেই সংক্রান্ত বিল এবার বিধানসভায় পেশ হতে পারে। একইসঙ্গে বর্তমান বিধায়কদের বেতন ও অফিস ভাতা সংক্রান্ত বিল আনার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে আসন্ন শীতকালীন অধিবেশনে মোট তিনটি বিল পেশ ও পাশের পরিকল্পনা রয়েছে বলে বিধানসভা সূত্রে খবর।
সংখ্যার বিচারে বিধানসভায় শাসকপক্ষের শক্তি অনেকটাই বেশি। তাই বিলগুলি পাশ করাতে বিশেষ সমস্যা হবে না বলেই আশাবাদী সরকারপক্ষ। তবে অধিবেশনে বিরোধীরাও নিজেদের প্রস্তুতি শুরু করেছে। প্রস্তাবিত বিলগুলির বিভিন্ন দিক খতিয়ে দেখে কোথায় কী ফাঁক রয়েছে, তা তুলে ধরে সরকারকে চাপে ফেলতে চাইবে বিরোধীরা। ফলে একাধিক গুরুত্বপূর্ণ বিলকে কেন্দ্র করে শীতকালীন অধিবেশনে রাজনৈতিক চাপানউতোরের সম্ভাবনা থাকছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *