Breaking News

জনগণনার কাজের জেরে বদলে গেল ২০২৭ সালের মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সম্ভাব্য সূচি, ১৫ দিন পিছিয়ে কবে থেকে শুরু দুই বড় পরীক্ষা?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- জনগণনার কাজের জন্য পিছিয়ে যাচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা। নতুন প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী বছর ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে। পরীক্ষা চলার সম্ভাবনা ১৬ মার্চ পর্যন্ত। শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মাধ্যমিক শেষ হওয়ার দু’দিন পর অর্থাৎ সম্ভাব্য ১৮ মার্চ থেকে শুরু হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা চলতে পারে ১২ এপ্রিল পর্যন্ত। তবে এখনও পর্যন্ত কোনও পরীক্ষার সূচিই চূড়ান্ত করা হয়নি। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট তৈরি করে চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হচ্ছে। জনগণনার কাজের সময়সীমা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষার দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নবান্নের অনুমোদন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরেই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা। এই পর্ব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি সংশোধনের কাজও চলবে। সব মিলিয়ে আগামী ৫ মার্চ পর্যন্ত গোটা প্রক্রিয়া চলার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই মাধ্যমিক পরীক্ষার সূচিতে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। কিন্তু জনগণনার কাজের সঙ্গে পরীক্ষার সময়ের সংঘাত এড়াতেই এবার প্রায় ১৫ দিন পিছিয়ে পরীক্ষার আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকালের পরিবর্তে বেলা ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।মধ্যশিক্ষা পর্ষদের তৈরি এই সম্ভাব্য সূচি ইতিমধ্যেই চূড়ান্ত অনুমোদনের জন্য নবান্নে পাঠানোর প্রস্তুতি চলছে। সব দিক খতিয়ে দেখে সম্মতি মিললেই বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষাসূচি জানিয়ে দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *