Breaking News

২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে না ভোটার তালিকা সংশোধনের কাজ! ‘অনিবার্য পরিস্থিতি’, আপাতত স্থগিত কর্মসূচি!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের নির্ধারিত কর্মসূচি আপাতত স্থগিত করল নির্বাচন কমিশন। ২০২৭ সালের ফটো ইলেক্টোরাল রোলের ‘স্পেশাল সামারি রিভিশন’ প্রক্রিয়া আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীকালে সংশোধিত কর্মসূচি বা নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলেও জানিয়েছে সিইও দফতর। আগামী ১ জানুয়ারি, ২০২৭-কে যোগ্যতার তারিখ ধরে এই ভোটার তালিকা সংশোধনের কাজ হওয়ার কথা ছিল। সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই গত ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। কমিশনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তবে আচমকা কর্মসূচি স্থগিত হওয়ায় পরবর্তী পদক্ষেপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।অন্যদিকে, রাজ্যে পুরসভা নির্বাচন নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ১০ নভেম্বরের পর পুরভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে সম্ভাবনা তৈরি হলেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা এবং বুথ বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠক সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কোনও আইনি বা বিচারাধীন প্রক্রিয়ার কারণে পুরসভা নির্বাচন আটকে রাখা যাবে না বলেই কমিশনের অবস্থান। ফলে ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি পিছিয়ে যাওয়ার পর পুরভোটের নির্ঘণ্ট নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *