প্রসেনজিৎ ধর, কলকাতা :-দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এবার কড়া অবস্থান নিল বঙ্গ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নেতৃত্বের নির্দেশ অমান্য করা কিংবা সংগঠনের নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। শুক্রবার সল্টলেকের বিজেপি দফতরে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে এই বার্তা দেন তিনি। তাঁর সাফ বক্তব্য, এমন কোনও কাজ বা আচরণ করা যাবে না, যাতে দলের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়।বিজেপির অন্দরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ নতুন নয়। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব, বিভিন্ন সময়ে দলের নেতা-কর্মীদের নিয়ম মেনে চলার বার্তা দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও নিচুতলার একাংশের বিরুদ্ধে নির্দেশ অমান্য করার অভিযোগ উঠছে বারবার। বিশেষ করে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এবং তা ঘিরে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে দলের শীর্ষ নেতৃত্ব।
গত ৪ মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নিচুতলার নেতা-কর্মীদের একাংশের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। সেই সময়ই বাইরে থেকে দলে সদস্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তৃণমূল থেকে ‘বেনোজল’ যাতে দলে ঢুকতে না পারে, সে বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, শীর্ষ নেতৃত্বের আপত্তি সত্ত্বেও বিভিন্ন জায়গায় স্থানীয় বিজেপি নেতাদের উদ্যোগে তৃণমূলের কর্মী-সমর্থকদের দলে যোগদান করানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক জেলায় দলের অভ্যন্তরীণ সংঘাতও সামনে এসেছে।
শুক্রবারের রুদ্ধদ্বার বৈঠকে সেই বিষয়গুলির পাশাপাশি সংগঠনের বৈঠকে বিধায়কদের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সুনীল বনসল। সূত্রের খবর, তিনি জানান, অনেক ক্ষেত্রে বিধায়কেরা নিজেরা উপস্থিত না থেকে প্রতিনিধিদের পাঠাচ্ছেন। সংগঠনের বৈঠককে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি। তাঁর বক্তব্য, কোনও বিধায়ক যদি বৈঠকে উপস্থিত থাকতে না পারেন, তা হলে প্রতিনিধি পাঠানোরও প্রয়োজন নেই। সংগঠনকে পাশ কাটিয়ে কোনও সিদ্ধান্ত বা কাজ করা যাবে না বলেও সতর্ক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক।এদিকে, দলের জনসংযোগ বাড়াতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছে বিজেপি। আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ‘সেবাদূত’ কর্মসূচি পালন করবে পদ্ম শিবির। এই কর্মসূচিতে নিজের জেলা বা বিধানসভা কেন্দ্রের বাইরে গিয়ে অন্য এলাকায় কাজ করতে হবে দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রীদের। শুধু দিনের বেলা কর্মসূচিতে অংশ নেওয়াই নয়, দায়িত্বপ্রাপ্ত নেতাদের সংশ্লিষ্ট এলাকায় রাতও কাটাতে হবে।
এই কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিকমতো পাচ্ছেন কি না, কোথায় সমস্যা রয়েছে, কারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, সেই সমস্ত তথ্য সংগ্রহ করবেন বিজেপি নেতারা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনে সমস্যার সমাধানের পথ খোঁজারও দায়িত্ব থাকবে তাঁদের উপর। তবে কোন জেলায় কোন মন্ত্রী, বিধায়ক, সাংসদ বা কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব পালন করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। কর্মসূচির বিস্তারিত রূপরেখাও পরে স্থির করা হবে বলে দলীয় সূত্রে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal