দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজের জন্য আগামী রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা ও হাওড়ার সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু, অর্থাৎ বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, ২২ নভেম্বর রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতুতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই মর্মে নির্দেশিকা জারি করেছেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেতুর বিয়ারিং, কেবল-সহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের মেরামতির কাজ করা হবে ওই দিন। সেই কারণেই নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের যাতায়াতে যাতে খুব বেশি সমস্যা না হয়, তার জন্য একাধিক বিকল্প রাস্তার ব্যবস্থাও করেছে কলকাতা পুলিশ।নির্দেশিকা অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবেন চালকেরা। পাশাপাশি হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোডের দিকেও যাওয়া যাবে।
অন্যদিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোড দিয়ে যাওয়া গাড়িগুলিকে ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে পৌঁছতে পারবেন চালকেরা।
উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স (এইচআরবিসি)। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটিই বিদ্যাসাগর সেতুর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলায়। সংস্কারের কাজের জন্য রবিবার দীর্ঘ সময় সেতু বন্ধ থাকায় ওই দিন কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal