প্রসেনজিৎ ধর,কলকাতা :-ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। দফায় দফায় বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সম্ভাব্য দুর্যোগের মোকাবিলায় আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্রমশ নিম্নচাপের চেহারা নিতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার পাশাপাশি নিচু এলাকায় জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ রাজ্য প্রশাসন। শুক্রবার দুপুরে নবান্নে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সংঘমিত্রা ঘোষ-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।
এদিন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও প্রশাসনের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। বিশেষ করে যে জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি পড়ার আশঙ্কা, সেখানে আগাম প্রস্তুতি রাখার উপর জোর দেওয়া হয়েছে।শুধু জনজীবন নয়, কৃষিক্ষেত্রেও বৃষ্টির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলায় চাষের জমি ও ফসলের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। কৃষকদের যাতে দুর্যোগের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে না হয়, সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। শহরের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সমুদ্রে উত্তাল পরিস্থিতির আশঙ্কায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব মূলত ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সব মিলিয়ে দুর্যোগের আশঙ্কায় সতর্ক রাজ্য প্রশাসন। সাধারণ মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করতে নবান্ন থেকে পরিস্থিতির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal