Breaking News

পাহাড়ের রাজনীতির ভরকেন্দ্র কলকাতা! নবান্নে শুভেন্দু-গুরুঙ্গের বৈঠক, বিধান ভবনে কংগ্রেসের ‘হাত’ ধরলেন প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-পাহাড়ের রাজনীতিতে নতুন করে সমীকরণ বদলের ইঙ্গিত। শুক্রবার কলকাতায় পরপর দু’টি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। একদিকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) সভাপতি বিমল গুরুঙ্গ ও দলের সাধারণ সম্পাদক রোশন গিরি। অন্যদিকে, কলকাতার বিধান ভবনে গিয়ে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন কার্শিয়াঙের প্রাক্তন বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। একই দিনে ঘটে যাওয়া এই দুই ঘটনা পাহাড়ের রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
শুক্রবার প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং এআইসিসির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক প্রকাশ জোশীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন বিষ্ণুপ্রসাদ। দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পরই বিজেপিকে নিশানা করেন তিনি। তাঁর দাবি, পাহাড়ের মানুষের জন্য এখনও পর্যন্ত যা উন্নয়ন হয়েছে, তার পিছনে কংগ্রেসের অবদানই সবচেয়ে বেশি। হিল কাউন্সিল গঠন থেকে শুরু করে পাহাড়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কংগ্রেসের আমলেই হয়েছে বলে দাবি করেন তিনি। অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়েও বাস্তবে কাজ না করার অভিযোগ তোলেন প্রাক্তন বিধায়ক। তাঁর বক্তব্য, আগামী দিনেও পাহাড়ের উন্নয়নের দায়িত্ব কংগ্রেসই পালন করবে।একসময় পাহাড়ে বিজেপির অন্যতম পরিচিত মুখ ছিলেন বিষ্ণুপ্রসাদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে কার্শিয়াং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তবে পৃথক গোর্খাল্যান্ডের দাবি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয়। ক্রমশ সেই দূরত্ব বাড়তে থাকায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে অবস্থান নেন তিনি। দার্জিলিং কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়লেও জয় পাননি।
এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিষ্ণুপ্রসাদ। কিন্তু তৃণমূলের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কও দীর্ঘস্থায়ী হল না। মাত্র সাত মাসের মধ্যেই জোড়াফুল শিবির ছেড়ে এবার কংগ্রেসে যোগ দিলেন তিনি। ফলে কয়েক বছরের ব্যবধানে বিজেপি, নির্দল, তৃণমূল ঘুরে ফের নতুন রাজনৈতিক মঞ্চে তাঁর যাত্রা শুরু হল।অন্যদিকে, শুক্রবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বিমল গুরুঙ্গ ও রোশন গিরি। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান সমীকরণ এবং উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বৈঠকের বিস্তারিত বিষয় আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি।
একই দিনে একদিকে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্বের নবান্ন সফর, অন্যদিকে বিষ্ণুপ্রসাদ শর্মার কংগ্রেসে যোগদান— দুই ঘটনাই পাহাড়ের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে বারবার রাজনৈতিক শিবির বদলের পর বিষ্ণুপ্রসাদের নতুন দলবদল তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছে। সব মিলিয়ে শুক্রবারের দুই ঘটনাকে ঘিরে সরগরম পাহাড় থেকে সমতলের রাজনৈতিক মহল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *