প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে তৎপরতা বাড়াল সিবিআই। এবার প্রেসিডেন্সি জেলে গিয়ে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শনিবার জেলে গিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। বর্তমানে পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে প্রেসিডেন্সি জেলেই বন্দি রয়েছেন সুজিত।পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই সক্রিয় সিবিআই ও ইডি। বিধানসভা নির্বাচনের পর গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। অন্যদিকে, এই মামলায় এর আগে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। যদিও সেই চার্জশিটে সুজিতের নাম ছিল না। পরবর্তী সময়ে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আদালতের অনুমতি মেলার পর শনিবার প্রেসিডেন্সি জেলে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মূলত দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, সিবিআইয়ের চার্জশিটে নাম না থাকলেও ইডির চার্জশিটে সুজিত বসু ও তাঁর পুত্রের নাম রয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, পুরসভার বিভিন্ন পদে বেআইনিভাবে প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করতেন তাঁরা। শুধু তাই নয়, দুর্নীতির মাধ্যমে পাওয়া টাকা বিভিন্ন ব্যবসায়িক সংস্থায় বিনিয়োগের অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বারবারই অস্বীকার করেছেন সুজিত বসু। জামিনের আবেদন জানিয়ে একাধিকবার আদালতের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত স্বস্তি মেলেনি তাঁর। প্রতিবারই খারিজ হয়েছে জামিনের আবেদন।
এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি আরও সক্রিয় হয়েছে সিবিআই। রাজ্যের একাধিক পুরসভার কর্মী, প্রাক্তন পদাধিকারী এবং সরকারি আধিকারিকদের পর্যায়ক্রমে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের সূত্র ধরে সুজিত বসুর পরিবারের সদস্যদেরও জেরার মুখে পড়তে হয়েছে। ইতিমধ্যেই তাঁর কন্যা মোহিনী বসুকেও জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ফলে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal