দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি অব্যাহত। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবারও দিনভর চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখেই রবিবারের মেট্রো পরিষেবা নিয়ে পূর্বঘোষিত সিদ্ধান্তে বদল আনল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ২২ নভেম্বর ব্লু লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করার পরিকল্পনা ছিল, তা আপাতত বাতিল করা হয়েছে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েক দিনের পূর্বাভাস বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে ঠিক ছিল, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। কিন্তু সেই পরিকল্পনা বাতিল হওয়ায় রবিবার যাত্রীদের আর ভোগান্তির মুখে পড়তে হবে না।মেট্রো কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ নভেম্বর সকাল ৯টা থেকে ব্লু লাইনের সম্পূর্ণ রুটে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন, দুই দিকেই মেট্রো চলবে। ফলে রবিবার যাত্রীরা কোনও অতিরিক্ত বিধিনিষেধ ছাড়াই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, রক্ষণাবেক্ষণের কাজের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসের কয়েকটি রবিবার ব্লু লাইনে আংশিক পরিষেবা নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছিল মেট্রো। সেই সূচি অনুযায়ী, ১৫, ২২ ও ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার কথা ছিল। পাশাপাশি ১৩ ডিসেম্বর শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত বিস্তীর্ণ অংশে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনাও রয়েছে। তবে আপাতত ২২ নভেম্বরের কাজ বাতিল করা হয়েছে। বাকি দিনগুলিতে পরিষেবা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেদিকেই নজর যাত্রীদের।
Hindustan TV Bangla Bengali News Portal