প্রসেনজিৎ ধর, কলকাতা :-বইয়ের দোকান লক্ষ্য করে ছোড়া হয়েছিল চকোলেট বোমা। সেই কলেজ স্ট্রিটের ট্রামলাইনে শনিবার দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। ট্রামলাইনে বসেই বই পড়তে ব্যস্ত এক প্রৌঢ়। তাঁর হাতে ‘স্বামী বিবেকানন্দ, মার্ক্সবাদীদের দৃষ্টিতে’ শীর্ষক বই। বৃহস্পতিবারের সংঘর্ষ ও বইয়ের স্টলে হামলার ঘটনার প্রতিবাদে এ দিন বইকেই হাতিয়ার করে রাস্তায় নামলেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত বই হাতে প্রতিবাদ মিছিল এবং অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। অনেকটা গেরিলা কায়দায়, অতর্কিত এই কর্মসূচিতে সামিল হন বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার কলেজ স্ট্রিট এলাকায় এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই দিন সকালে পুলিশের অনুমতি নিয়ে ‘সংগ্রামী বইপত্র’ কর্মসূচির অধীনে বইয়ের স্টল খোলে এসএফআই। পাল্টা কর্মসূচি নিয়ে সেখানে হাজির হয় এবিভিপিও। প্রথমে বামপন্থী বইয়ের স্টল বসানো নিয়ে আপত্তি জানালেও পরে কিছুটা দূরে দুটি টেবিল পেতে বই নিয়ে বসেন এবিভিপি সদস্যরা। সন্ধ্যার দিকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এসএফআই কর্মীদের লক্ষ্য করে ইট, ডিম, জলের বোতল এবং চকোলেট বোমা ছোড়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা ছড়ায় কলেজ স্ট্রিট চত্বরে।সেই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর দেড়টার পর হেদুয়া থেকে শুরু হয় বই হাতে মিছিল। এসএফআই, এআইডিএসও, আইসা-সহ একাধিক বাম ছাত্র সংগঠনের সদস্যরা মিছিলে পা মেলান। কলেজ স্ট্রিটে পৌঁছে মিছিল পরিণত হয় অবস্থান বিক্ষোভে। আন্দোলনকারীদের বার্তা, বইয়ের উপর হামলা কিংবা হিংসার জবাব তাঁরা বই দিয়েই দেবেন। তাঁদের দাবি, যত বেশি আক্রমণ হবে, ততই ঐক্যবদ্ধ হবেন তাঁরা। জ্ঞানচর্চা, বই পড়ার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি।
এ দিন আগে থেকে বইয়ের স্টল বসানোর কোনও পরিকল্পনা ছিল না বলে জানিয়েছিলেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। কিন্তু মিছিল ও অবস্থান বিক্ষোভের পর কলেজ স্ট্রিটে ফের বইয়ের স্টল বসিয়ে বিক্রি শুরু করেন ছাত্র-যুবরা। পুলিশ স্টল বসানোর অনুমতি নিয়ে প্রশ্ন তুললে পাল্টা যুক্তি দেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, বৃহস্পতিবার বইয়ের দোকান লক্ষ্য করে বোমা ছোড়ারও তো কোনও অনুমতি ছিল না। ফলে বইয়ের স্টল বসানোর ক্ষেত্রেও তাঁদের অবস্থান স্পষ্ট।এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, পরিকল্পিতভাবে বইয়ের উপর হামলা এবং বোমা ছোড়ার প্রতিবাদেই মানুষ এ দিন রাস্তায় নেমেছেন। এভাবে বইয়ের উপর আক্রমণ চালিয়ে আন্দোলনকে স্তব্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের সভা থেকে আগামী দিনেও একই জায়গায় ফের বইয়ের স্টল বসানোর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ কলেজ স্ট্রিটে বইকে কেন্দ্র করে সংঘাতের আবহে প্রতিবাদের ভাষা হিসেবে বইকেই সামনে রাখতে চাইছেন বাম ছাত্র সংগঠনগুলি।
Hindustan TV Bangla Bengali News Portal