দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা মেডিক্যাল কলেজে বুধবারের হামলার ঘটনার পর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে অবশেষে পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে শুক্রবার নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যে ক্রমশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে ২০০৯ সালে তৈরি স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সংক্রান্ত আইন কঠোরভাবে কার্যকর করতে হবে।স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকায় অবশ্য সরাসরি কলকাতা মেডিক্যাল কলেজের সাম্প্রতিক হামলার কোনও উল্লেখ নেই। তবে নির্দেশিকায় যে পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, তারই প্রতিফলন দেখা গিয়েছে বুধবারের ঘটনায়। প্রশ্ন উঠছে, ১৭ বছর আগে তৈরি আইন থাকা সত্ত্বেও কেন নতুন করে তা কার্যকর করার কথা মনে করিয়ে দিতে হচ্ছে? বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ঘেরাওয়ের সময় দুই শিক্ষক চিকিৎসকের আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্য সরকারের তরফে দুঃখপ্রকাশ করেছিলেন। যদিও কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনা নিয়ে তাঁর বক্তব্যে তেমন কড়া অবস্থান শোনা যায়নি। শুক্রবার এই বিষয়েই সরব হন মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়ারা।শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। কিন্তু সরকারের এই পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে চিকিৎসক সংগঠনগুলি। তাঁদের বক্তব্য, শুধু নির্দেশিকা জারি করলেই হবে না, বাস্তবে স্বাস্থ্যকর্মীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আরজি কর আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা মেডিক্যাল সার্ভিস সেন্টারের চিকিৎসক নেতা অনিকেত মাহাতো এই নির্দেশিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, নতুন করে নির্দেশিকা জারি না করে কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় যাঁদের ছবি স্পষ্ট দেখা গিয়েছে, তাঁদের গ্রেফতার করাই বেশি জরুরি। তাঁর অভিযোগ, নির্দেশিকা জারি করে অভয়া কাণ্ড আটকানো যায়নি। একইভাবে চিকিৎসকদের উপর হামলার ঘটনাও শুধুমাত্র নির্দেশিকা দিয়ে বন্ধ করা সম্ভব নয়। সরকারের সদিচ্ছা থাকলে হামলার ঘটনায় ইট ও বাঁশ হাতে যাঁদের দেখা গিয়েছে, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।অন্যদিকে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁর বক্তব্য, নির্দেশিকার কার্যকারিতা শুধু কলকাতা মেডিক্যাল কলেজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। গত ছ’মাসে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন। সেই সমস্ত ক্ষেত্রেও ২০০৯ সালের আইন কার্যকর করতে হবে। তা না হলে এই নির্দেশিকা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে যাবে, সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠবে।
Hindustan TV Bangla Bengali News Portal