দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধাননগরে গৌরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আদালত, বাসস্ট্যান্ড, ফেরিঘাট-সহ বিভিন্ন জনবহুল এলাকায় এই নতুন ক্যান্টিনগুলি খোলা হবে। পাশাপাশি বৈষ্ণব সমাজের আবেদনে নিরামিষ খাবারের কাউন্টার চালুর সিদ্ধান্তের কথাও জানান তিনি।
মাত্র ৫ টাকায় সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে আগে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’ প্রকল্প। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘মা আহার’। বর্তমানে ডিম-ভাতের পাশাপাশি সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থাও রয়েছে। এ দিনের অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, বৈষ্ণব সমাজের তরফে সাত্ত্বিক আহারের ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মেনে বারাসতে প্রথমে এই ব্যবস্থা চালু করা হবে। পরে নবদ্বীপ ও মায়াপুরেও নিরামিষ খাবারের কাউন্টার খোলা হবে।এদিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘ ছ’বছর ধরে আটকে থাকা কেন্দ্রীয় সরকারের সুদে ভর্তুকির টাকা রাজ্যের উদ্যোগে ছাড়ানো সম্ভব হয়েছে। মোট ২৫০ কোটি টাকা পাওয়া গিয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। এই আর্থিক সহায়তাকে মহিলাদের কাছে সুখবর বলেও উল্লেখ করেন শুভেন্দু। অন্যদিকে, রাজ্যে বাল্যবিবাহের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত হাসপাতালে ৬০ হাজার নাবালিকার প্রসব হয়েছে। তাঁদের অধিকাংশের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। এই পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার বার্তা দেন তিনি। শুভেন্দুর কথায়, বাল্যবিবাহ রুখতে আইন থাকলেও শুধু আইনের মাধ্যমে এই সমস্যা দূর করা সম্ভব নয়। মা-বাবাকেও এগিয়ে আসতে হবে। পাশাপাশি নাবালিকার বিয়েতে কাজি ও পুরোহিতদের ভূমিকাও দায়বদ্ধতার মধ্যে পড়ে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
Hindustan TV Bangla Bengali News Portal