প্রসেনজিৎ ধর,কলকাতা :- কলকাতার গর্ব গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের (জিআরএসই) মুকুটে যোগ হল নতুন সাফল্যের পালক। ভারতীয় নৌসেনার হাতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘অশঙ্ক’ তুলে দিল এই সংস্থা। বিশেষ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধজাহাজ সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও মজবুত করতে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ‘অশঙ্ক’ শব্দের অর্থ নির্ভীক বা ভয়হীন। নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যুদ্ধজাহাজটিকে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় শত্রুপক্ষের সাবমেরিনের হামলা প্রতিহত করার ক্ষেত্রে এর সক্ষমতা উল্লেখযোগ্য। সমুদ্রপথে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতেও নতুন সংযোজনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রকল্পে কাজ করছে জিআরএসই। সংস্থার হাতে রয়েছে মোট ১২টি যুদ্ধজাহাজ নির্মাণের দায়িত্ব। এর মধ্যে রয়েছে একটি ‘প্রজেক্ট ১৭এ’ উন্নত স্টিলথ ফ্রিগেট, দু’টি এএসডব্লিউ-এসডব্লিউসি, চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল এবং পাঁচটি নেক্সট জেনারেশন করভেট। যুদ্ধজাহাজের পাশাপাশি আরও ৩৬টি জলযান নির্মাণের কাজও চলছে। এর মধ্যে ১৩টি জলযান বিদেশে রপ্তানির জন্য তৈরি করা হচ্ছে।প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যেও উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে জিআরএসই। এএসডব্লিউ-এসডব্লিউসি প্রকল্পের জাহাজগুলির প্রায় ৮৮ শতাংশই দেশীয় প্রযুক্তিতে তৈরি। এই জাহাজে ব্যবহার করা হয়েছে সংস্থার নিজস্ব কারখানায় নির্মিত ৩০ মিলিমিটারের নেভাল সারফেস গান। ফলে শুধু যুদ্ধজাহাজ নির্মাণেই নয়, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও দেশের আত্মনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে জিআরএসই-র এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
Hindustan TV Bangla Bengali News Portal