Breaking News

বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে বিপত্তি, বেহালা বাজারের সামনে দুর্ঘটনার মুখে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর গাড়ি! অল্পের জন্য রক্ষা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পথ দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী তথা বেহালা পশ্চিমের বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। সোমবার সকালে বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হননি।মন্ত্রী ঘনিষ্ঠ সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নের উদ্দেশে রওনা দেন ইন্দ্রনীল। গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক। মন্ত্রী বসেছিলেন চালকের পাশের আসনে। বেহালা বাজারের সামনে ডায়মন্ড হারবার রোডে আচমকাই একটি অটো তাঁর গাড়ির সামনে চলে আসে। অটোটি হঠাৎ ব্রেক কষায় বিপত্তি ঘটে। পরিস্থিতি সামাল দিতে মন্ত্রীর গাড়ির চালকও আচমকা ব্রেক করেন। এর জেরে সামনে থাকা অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে মন্ত্রীর গাড়ির। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে বনেট। যদিও গাড়িতে থাকা মন্ত্রী এবং অন্যদের চোট তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। গাড়ির গতি নিয়ন্ত্রণে থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, ডায়মন্ড হারবার রোডে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। এই রাস্তায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে তৎপরতা দেখা গেলেও কয়েক দিন পর পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যায় বলে দাবি। রাস্তার উপর থাকা অস্থায়ী গার্ডরেলগুলিরও দীর্ঘদিন ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় না বলে অভিযোগ উঠেছে।
এদিন মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ফের ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক ব্যবস্থাপনা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যস্ত এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে আরও নজরদারি ও উপযুক্ত পদক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *