Breaking News

ধর্মতলার হোটেলে রহস্যমৃত্যু জার্মান নাগরিকের! বন্ধ ঘর থেকে উদ্ধার দেহ, তদন্তে লালবাজারের গোয়েন্দারা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-ধর্মতলার একটি হোটেল থেকে উদ্ধার হল এক জার্মান নাগরিকের দেহ। সোমবার সকালে হোটেলের ঘর থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করে নিউ মার্কেট থানার পুলিশ। মৃতের নাম টমাস মিন্টেন। বয়স ৬৭ বছর। লালবাজার সূত্রে খবর, সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নিউ মার্কেট থানার পুলিশকর্মীরা। তদন্তে যোগ দেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যুরিস্ট ভিসায় ভারতে বেড়াতে এসেছিলেন টমাস। কলকাতায় আসার আগে দিল্লি ও বারাণসী ঘুরেছিলেন তিনি। গত ২১ নভেম্বর শহরে এসে ধর্মতলার ওই হোটেলে ওঠেন। ১৬০২ নম্বর ঘরটি ভাড়া নিয়ে থাকছিলেন ওই জার্মান নাগরিক। আগামী ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল।
জানা গিয়েছে, কলকাতায় ঘুরতে বেরিয়েও মাঝপথে অসুস্থ বোধ করায় হোটেলে ফিরে এসেছিলেন টমাস। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সোমবার শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু রবিবার থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারছিলেন না ওই সংস্থার কর্মীরা। সোমবার সকালে ট্রাভেল এজেন্সির তরফে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর হোটেলের ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ১০০ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে ঘরের ভিতর থেকে ওই বিদেশি নাগরিকের দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলে জানা গিয়েছে। অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তা নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। কী পরিস্থিতিতে ওই জার্মান নাগরিকের মৃত্যু হল, তা জানতে হোটেলের কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন নিউ মার্কেট থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *