Breaking News

আকভানের পর বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা! চিনি-সরষের তেলের দাম নিয়ন্ত্রণে নবান্নে জরুরি বৈঠক

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ঘূর্ণিঝড় আকভানের পর থেকেই বাজারে বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম। সবজি থেকে শুরু করে চাল, চিনি, সরষের তেল—একাধিক পণ্যের মূল্যবৃদ্ধিতে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে তৎপর হল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠকে চিনির পাশাপাশি সরষের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ব্যবসায়ী ও কৃষি বিপণন দফতরের আধিকারিকদের বাজারদরের উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সূত্রের খবর, বৈঠকে চিনির দাম নিয়ে বিশেষভাবে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই সরকারি হস্তক্ষেপে খোলা বাজারে চিনির দাম কমানো হয়েছিল। তা সত্ত্বেও ফের কেন দাম বাড়ছে, সেই প্রশ্ন ওঠে বৈঠকে। একইভাবে সরষের তেলের দাম বৃদ্ধির কারণও জানতে চান তিনি। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলির দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে।শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকছে না প্রশাসন। সূত্রের খবর, কোনও ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে কিংবা বেআইনিভাবে খাদ্যসামগ্রী মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিভিন্ন বাজারে অভিযান চালানো হতে পারে। কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ রুখতে নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতে না কাটতেই বাজারে একাধিক খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষত সবজি ও চালের দাম বাড়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। শীতের মরশুমের শুরুতে বাজারদর কিছুটা চড়া থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে দাম কমার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে বাজারের উপর কড়া নজর রাখার পাশাপাশি মজুতদারি ও কালোবাজারি রুখতেই বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *