Breaking News

বিএলও স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ! তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার স্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্বামী এলাকার বুথ লেভেল অফিসার (বিএলও)। সেই সূত্রে স্থানীয় বহু মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ। আর স্বামীর এই যোগাযোগ ঘিরেই স্ত্রীর মনে জন্মেছিল সন্দেহ। সেই সন্দেহ থেকেই এক তরুণীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল বিএলওর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বধূর দাবি, ওই তরুণীর কারণেই ভেঙেছে তাঁর সংসার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার নয়া সমাজ কাকপুলে। অভিযুক্ত মহিলার নাম লক্ষ্মী বিশ্বাস। ঘটনার পর তাঁকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আচমকাই ওই তরুণীর বাড়িতে হাজির হন লক্ষ্মী। তরুণীর সঙ্গে একান্তে কথা বলতে চান বলে পরিবারের অন্য সদস্যদের ঘর থেকে বাইরে চলে যেতে বলেন তিনি। অভিযোগ, পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে তরুণীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন অভিযুক্ত। এলোপাথাড়ি কোপানোর জেরে গুরুতর জখম হন ওই তরুণী। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।অভিযুক্ত লক্ষ্মী বিশ্বাসের অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে ওই তরুণীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের জেরেই তাঁর সংসারে অশান্তি তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত সংসার ভেঙেছে বলে দাবি তাঁর। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তরুণীর পরিবারের সদস্যরা। আহত তরুণীর ভাইয়ের দাবি, তাঁর দিদির সঙ্গে ওই ব্যক্তির কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না। তিনি এলাকার বিএলও হওয়ায় ভোটার কার্ড-সহ বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজের প্রয়োজনেই তাঁর দিদির সঙ্গে যোগাযোগ ছিল। সেই যোগাযোগকেই ভুলভাবে ব্যাখ্যা করে সন্দেহের বশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এদিকে, ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত মহিলাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অশোকনগর থানার পুলিশ। পরে লক্ষ্মী বিশ্বাসকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে এই হামলা, তার নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *