Breaking News

শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের পাশে ধস! ১৫০ বছরের পুরনো নিকাশি নালার পাইপ ফেটে বিপত্তি

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শিয়ালদহ দক্ষিণ শাখায় রেললাইনের পাশের নিকাশি নালায় ধস নামায় তৈরি হয়েছে উদ্বেগ। লুপ লাইনের নীচে থাকা প্রায় ১৫০ বছরের পুরনো ভূগর্ভস্থ নিকাশি নালার পাইপ ফেটে এই বিপত্তি ঘটেছে। মৌলালি থেকে পামার বাজার পর্যন্ত বিস্তৃত এই নিকাশি নালার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সকাল থেকেই রেল ও কলকাতা পুরসভার কর্মীরা যৌথভাবে মেরামতির কাজে নেমেছেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা লুপ লাইনের কাছে প্রথম ধস নজরে আসে রবিবার। পরবর্তী দু’দিনে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই লাইন দিয়ে যাত্রিবাহী ট্রেন চলাচল না করলেও তার নীচে ধস নামায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তাই কোনও ঝুঁকি না নিয়ে দ্রুত মেরামতির কাজ শুরু করে রেল। সোমবার রাত থেকেই কাজ চলছিল। মঙ্গলবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজে হাত লাগান রেল ও পুরসভার কর্মীরা।দক্ষিণ শাখার মতো অত্যন্ত ব্যস্ত রেলপথে এই ধরনের বিপত্তি ঘিরে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মেরামতির জন্য পরিষেবা বন্ধ রাখতে হতে পারে কি না, তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল। তবে রেল সূত্রে খবর, পরিষেবা স্বাভাবিক রেখেই মেরামতির কাজ চলছে। ক্ষতিগ্রস্ত লুপ লাইনের পাশের লাইন দিয়ে নিয়ম মেনেই ট্রেন চলাচল করছে। ফলে এখনও পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় কোনও ট্রেন বাতিল বা পরিষেবা ব্যাহত হওয়ার খবর নেই।
এ প্রসঙ্গে ডিআরএম রাজীব সাক্সেনা জানান, ২২ তারিখ শিয়ালদহ দক্ষিণ শাখায় একটি পাইপ ফেটে যাওয়ার খবর পাওয়া যায়। কলকাতা পুরসভার একটি জলের পাইপলাইন ফেটে যাওয়ার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর জেরে সেখানে থাকা ব্রিটিশ আমলের পুরনো নিকাশি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শুরু থেকেই রেলের লক্ষ্য ছিল, ট্রেন চলাচল স্বাভাবিক রেখে দ্রুত মেরামতির কাজ সম্পন্ন করা। সেই লক্ষ্যেই পরিষেবা অব্যাহত রেখে কাজ চালানো হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *