Breaking News

বইয়ে ‘বোমাবাজি’র প্রতিবাদে অভিনব উদ্যোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ক্লাসরুমে বুকস্টল ডিএসও-র!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থী ছাত্র সংগঠনের বুকস্টল ঘিরে একের পর এক বাধা দেওয়ার অভিযোগ উঠছে। পুজোর সময় থেকেই এই ধরনের ঘটনা সামনে আসছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে শাসকদল এবং তাদের বিভিন্ন সংগঠনের দিকে। গত সপ্তাহে কলকাতার বইপাড়ায় কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’পক্ষের স্টলে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি চকোলেট বোমা ছোড়ার অভিযোগও ওঠে। বই ও জ্ঞানচর্চার উপর এই ধরনের আক্রমণের প্রতিবাদে এবার অভিনব কর্মসূচি নিতে চলেছে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ক্লাসরুমে বুকস্টল বসিয়ে বই বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার দিনভর চলবে এই কর্মসূচি।
‘বুক স্টলে বোমার বিরুদ্ধে তোমার নিঃশব্দ প্রতিরোধ হোক একটা বই’—এই স্লোগানকে সামনে রেখেই ক্যাম্পাসে বইয়ের পসরা সাজিয়ে বসবে সংগঠন। এ প্রসঙ্গে এআইডিএসও-র কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অনীক দে বলেন, ‘‘বই, শিক্ষা ও জ্ঞানচর্চার উপর নেমে আসা গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে তোমার নিঃশব্দ প্রতিরোধ হোক একটা বই। ২৬ নভেম্বর ক্যাম্পাসে এসো, বই কেনো, সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তোলো।’’ প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পড়ুয়াদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো এবং জ্ঞানচর্চার পরিবেশ বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংগঠন।তবে শুধু বুকস্টলে হামলার প্রতিবাদ নয়, শিক্ষাক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে নিজেদের আপত্তির কথাও তুলে ধরতে চাইছে ডিএসও। সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মণিশংকর পট্টনায়ক এবং রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় সোমবার একটি বিবৃতি প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, আরএসএসের হিন্দুত্ববাদী ও সাম্প্রদায়িক মতাদর্শ প্রচারের উদ্দেশ্যে রাজ্যের বিজেপি সরকার শিক্ষাক্ষেত্রে একের পর এক পদক্ষেপ করছে। ইতিহাসের বিকৃতি ঘটিয়ে রাজনৈতিক স্বার্থে পাঠ্যক্রমকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তাঁদের। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত পাঠ্যবইয়ের শুরুতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও পরিচিতি রাখার যে পরিকল্পনার কথা সামনে এসেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠন। তাদের বক্তব্য, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের পাঠ্যপুস্তক কি তবে আরএসএস-বিজেপির প্রচারের মাধ্যম হয়ে উঠবে?
এদিকে, সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এবিভিপির ‘বিজয়া সম্মিলনী’ কর্মসূচি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ ছাত্রছাত্রীদের নামে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মূর্তি ঢেকে মঞ্চ তৈরি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ডিএসও-র কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিট। কীভাবে একজন স্বনামধন্য অধ্যাপকের মূর্তি ঢেকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হল, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।সংগঠনের দাবি, স্বাধীনতা আন্দোলন ও বাংলার নবজাগরণের চিন্তাধারাকে আড়াল করতে বিজেপি, আরএসএস ও এবিভিপি বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে। নেতাজি, ভগৎ সিং, বিদ্যাসাগর ও ক্ষুদিরামের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের বইয়ের উপর আক্রমণ করে তাঁদের চিন্তাভাবনার প্রসারেও বাধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, সরকারি শিক্ষাব্যবস্থা বাঁচানো এবং সাম্প্রদায়িকতা ও দখলদারির রাজনীতির বিরুদ্ধে বৃহত্তর প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে ডিএসও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *