Breaking News

দলত্যাগ বিতর্কে শেষ দিনে জবাব ২০ সাংসদের! স্পিকারকে চিঠি, সংবিধান মেনেই দল ছেড়েছি, দাবি কাকলির

প্রসেনজিৎ ধর :-তৃণমূলের টিকিটে নির্বাচনে জয়ী হয়ে পরবর্তীতে এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সাংসদ পদ খারিজের নোটিস ঘিরে নতুন মোড়। লোকসভার স্পিকার ওম বিড়লার পাঠানো নোটিসের জবাব অবশেষে জমা দিলেন সংশ্লিষ্ট সাংসদরা। মঙ্গলবার, ২৪ নভেম্বর ছিল জবাব দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়সীমার মধ্যেই নিজেদের লিখিত বক্তব্য স্পিকারের কাছে পেশ করেছেন তাঁরা। এনসিপিআইয়ের সংসদীয় দলের চেয়ারপার্সন কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, ২০ জন সাংসদই তাঁদের জবাব জমা দিয়েছেন। সেখানে তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তাঁরা। তাঁদের দাবি, দল পরিবর্তনের ক্ষেত্রে সংসদীয় বিধি এবং সাংবিধানিক নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়েছে।সংসদ সচিবালয় সূত্রে খবর, সাংসদ পদ খারিজের নোটিসের জবাব জমা দেওয়ার জন্য ২৪ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। এর আগে সংসদ সচিবালয়ের তরফে স্পষ্ট করে জানানো হয়েছিল, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আর কোনও অতিরিক্ত সময় দেওয়া হবে না। ফলে মঙ্গলবারই ছিল নিজেদের অবস্থান জানানোর শেষ সুযোগ। সেই মতো সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার-সহ ২০ জন সাংসদ স্পিকার ওম বিড়লার কাছে নিজেদের বক্তব্য জমা দিয়েছেন।উল্লেখ্য, তৃণমূলের প্রতীকে নির্বাচনে জিতে পরবর্তীতে এনসিপিআই শিবিরে যোগ দেন এই সাংসদরা। তাঁদের দলবদলকে কেন্দ্র করেই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি-ডিফেকশন আইনের আওতায় ওই ২০ জনের সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল। এই মর্মে লোকসভার স্পিকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ মহুয়া মৈত্র।
সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠির পর স্পিকারের নোটিসের জবাব দেওয়ার জন্য একাধিকবার সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। এর আগে ২১ অক্টোবর জবাব জমা দেওয়ার একটি সময়সীমা শেষ হয়। পরে ফের সময় চেয়ে আবেদন জানানো হলে ৩ নভেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। এরপর চূড়ান্ত সময়সীমা হিসেবে ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছিল, এর পর আর সময় বাড়ানো হবে না। শেষ পর্যন্ত নির্ধারিত দিনের মধ্যেই নিজেদের লিখিত বক্তব্য জমা দিলেন সংশ্লিষ্ট সাংসদরা। তাঁদের দলবদল সাংবিধানিক ও সংসদীয় নিয়ম মেনেই হয়েছে বলে দাবি করা হলেও, এই জবাব খতিয়ে দেখে লোকসভার স্পিকার ওম বিড়লা কী সিদ্ধান্ত নেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *