দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন পর্ব সমাপ্ত। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই চলছে স্ক্রুটিনি। তথ্য নিয়ে সন্দেহ হলেই ডাক পড়বে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের কাজে একটুও ছাড় দিতে চায় না কমিশন। আগামী ২৭ ডিসেম্বর থেকে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে প্রায় ৩০ লক্ষ নো-ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে ১০ লক্ষ নোটিস জেনারেট হয়ে গিয়েছে।কমিশন সূত্রে খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। তবে এই ১১ জন একই জায়গায় বসবেন, না কি সংশ্লিষ্ট বিধানসভায় আলাদা আলাদা বা একাধিক শুনানি কেন্দ্র তৈরি করা হবে, তা স্পষ্ট নয়। প্রতি দিন ১০০ জনকে শুনানির জন্য ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর।প্রথমে ঠিক হয়েছিল ১৭ ডিসেম্বর থেকে পাঠানো হবে নোটিশ। কিন্তু কিছু প্রশাসনিক কাজে তা পিছিয়ে যায়। শনিবার থেকে শুরু হয়েছে নোটিশ পাঠানোর কাজ। আর আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মেগা হিয়ারিং। সিইও দফতর সূত্রে জানা গিয়েছে, যাচাইকরণ প্রক্রিয়ায় খুবই কড়াকড়ি করা হবে, যাতে কোনও ভুয়ো ভোটারের নাম যেন তালিকায় থেকে না যায়, আবার কোনও প্রকৃত নাগরিকের নাম বাদ না যায়।
Hindustan TV Bangla Bengali News Portal