দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আরজি করে অসাধ্য আসন |পূর্ব ভারতে প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হল জীবিত ব্যক্তির শরীরে। পা বাদ যাওয়া থেকে বাঁচল যুবক | চেন্নাই থেকে মৃত ব্যক্তির হাড় নিয়ে এসে প্রতিস্থাপন করা হল আর জি করে। সম্পূর্ণ বিন্যামূলে অস্ত্রোপচার করা হয়েছে। তা সফলও হয়েছে। চিকিৎসা পরিভাষায় একে ‘অ্যালোগ্রাফ্ট রিকনস্ট্রাকশন’ বলা হয়। উত্তর ২৪ পরগনার বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডল। ২০২৩ সালে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর বাঁ পা। পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায়। ছিঁড়ে যায় লিগামেন্টও। দুইবার অস্ত্রোপচার হয় বটে খুব বেশি উপকার হয়নি। পরে রোগীর হাঁটু বা নিক্যাপের নিচ থেকে হাড়ের টুকরো-সহ টেন্ডন নিয়ে ছিঁড়ে যাওয়া লিগামেন্ট পুনর্নির্মাণ করা হয়। তবে সেই অস্ত্রোপচার সফল হয়নি।পরিস্থিতি এমন দাঁড়ায় যে পা বাদ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তারপরই আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ চেন্নাই থেকে এক মৃত ব্যক্তির হাড় সংগ্রহ করে। গত ১৭ ফেব্রুয়ারি অস্ত্রোপচার করে ওই যুবকের পায়ে এই হাড় প্রতিস্থাপন করা হয়েছে। সরকারি সহায়তায় এই প্রক্রিয়ার জন্য খরচ হয়েছে ২ লক্ষ ৪০ হাজার টাকা। আরজি কর মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান (এইচওডি) সঞ্জয় কুমার জানিয়েছেন, অস্ত্রোপচার ভালই হয়েছে। রোগী সুস্থ আছেন। তবে রোগীকে এখনও পর্যবেক্ষণে রাখতে হবে। এই প্রক্রিয়া রোগীর শরীর কতটা নিতে পারছে সেটাও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। পাশাপাশি হাড় জুড়তে কত দিন সময় লাগবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
Hindustan TV Bangla Bengali News Portal