প্রসেনজিৎ ধর, হুগলি:- বৃহস্পতিবার বজবজের একটি ঝালাই গ্যারেজে ভয়াবহ বিস্ফোরণ ঘটে |গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খালি তেলবাহী ট্যাঙ্কারের ঝালাইয়ের সময় বিস্ফোরণ, আর তাতেই মৃত্যু এক নাবালকের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ।বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এলাকায়। বিকট শব্দে বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের একটি ঝালাইয়ের গ্যারাজ রয়েছে সেখানে। ওই গ্যারাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে একটি ট্যাঙ্কার গাড়ির ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময়েই আচমকা প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গ্যারাজের টিনের ছাউনি উড়ে যায় এবং চারপাশে ছিটকে পড়ে বিভিন্ন সামগ্রী। ঘটনায় সঙ্গে সঙ্গেই দু’জন গুরুতর জখম হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। কিছুক্ষণের মধ্যেই বজবজ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে বজবজের ২ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনের চিকিৎসা চলছে বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলেই প্রাথমিকভাবে খবর।বিস্ফোরণের পর এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় কোনও ত্রুটি ছিল কি না বা ঝালাইয়ের কাজের সময় কোনও অসাবধানতা হয়েছিল কি না, সেই দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ঝালাইয়ের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গ্যারাজের মালিক এবং প্রত্যক্ষদর্শীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal