নিজস্ব সংবাদদাতা :- নতুন পার্টির নাম ঘোষণার দিনেই আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন হুমায়ুন কবীর। গতকাল তিনি বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের নামও ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদের মঞ্চ থেকে। তবে সেই ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই এবার বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী বদল হুমায়ুনের যা নিয়ে রীতিমত চর্চা শুরু।জনতা উন্নয়ন পার্টির তরফে হুমায়ুন কবীর জানালেন, বালিগঞ্জ থেকেও লড়বেন মুসলিম প্রার্থী। আগামী ৭ দিনের মধ্যেই নাম ঘোষণা করবেন তিনি।
তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্বঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন। আগামী নির্বাচন অর্থাৎ ২৬ এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যে তালিকায় ছিল নিজের নাম ছিল ২টি কেন্দ্রে। শুধু তাই নয়, তালিকায় ছিলেন হিন্দু প্রার্থীও। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। ভরা মঞ্চ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নিশা চট্টোপাধ্যায় নাম ঘোষণা করেন হুমায়ুন। সেই ঘোষণা পরপরই নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। সেই কারণেই সিদ্ধান্ত বদল করেন হুমায়ুন। তিনি জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে নতুন প্রার্থীর নাম তিনি ঘোষণা করবেন।এই প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেছেন, “উনি (নিশা চট্টোপাধ্যায়) একজন সেলেব্রিটি, এটাই জানতাম। কিন্তু প্রার্থী ডিক্লেয়ার করার আধঘণ্টার মধ্যেই তৃণমূলের আইটি সেলের বা নানা অনলাইনে যেসব ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে বিধানসভার মতো পবিত্র জায়গায় ওকে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারেন। তাই আমি ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, ওকে প্রার্থী রাখব না। আমি এক সপ্তাহের মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে আমাদের প্রার্থীর নাম ঘোষণা করব। তৃণমূলের লোকজনই এই সব করেছে। প্ল্যান করে ওকে মঞ্চে তুলে এই সব করেছিল। কিন্তু আমার তো সিদ্ধান্ত নিতে দেরি হয়নি।”
Hindustan TV Bangla Bengali News Portal