নিজস্ব সংবাদদাতা :- দিল্লিতে ব্রিকস সম্মেলনের মাঝেই নজর কাড়ল একটি বিশেষ ছবি। এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন রাষ্ট্রনেতাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভারত, রাশিয়া ও চিনের পারস্পরিক সম্পর্কের সমীকরণের নিরিখে এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।দিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। শুক্রবার ভারতে পৌঁছন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শনিবার সকালে দীর্ঘ সাত বছর পর ভারতে পা রাখেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর ভারত মণ্ডপমে ব্রিকস সম্মেলনের ফাঁকে তিন রাষ্ট্রনেতাকে একসঙ্গে দেখা যায়।
ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেখা যায়, পুতিন, মোদী এবং শি জিনপিং পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। একই ফ্রেমে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোও। ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘দিল্লিতে শুরু হল ব্রিকস সম্মেলন ২০২৬।’’
শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ব্রিকস সম্মেলন। সম্মেলনের শুরুতেই ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলির জন্য আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চে আরও কার্যকরভাবে ভূমিকা পালনের জন্য গ্লোবাল সাউথের দেশগুলির নীতি নির্ধারকদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দিতে ভারত প্রস্তুত বলেও জানান তিনি।ব্রিকসের মঞ্চ থেকেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবিও জোরালো করেন মোদী। তাঁর বক্তব্য, নিরাপত্তা পরিষদের সংস্কার আর পিছিয়ে রাখা উচিত নয়। এই সংস্কার নিয়ে আলোচনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে আলোচনার শেষে স্পষ্ট ও সুনির্দিষ্ট ফলাফল নিশ্চিত করার কথাও বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষেত্রে ব্রিকসের সদস্য দেশগুলিকে একযোগে প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছেন মোদী। পাশাপাশি আগামী দুই দশকের কথা মাথায় রেখে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির উপরও জোর দেন তিনি |
Hindustan TV Bangla Bengali News Portal