প্রসেনজিৎ ধর, কলকাতা :-হাবড়া থানার পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক সাব-ইনস্পেক্টরের ঝুলন্ত দেহ। মৃত পুলিশকর্মীর নাম বিশ্বনাথ সেন। উত্তর ২৪ পরগনার হাবড়া থানায় কর্মরত ছিলেন তিনি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেও ডিউটি করেছিলেন বিশ্বনাথ। সেই সময় তাঁর আচরণে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি সহকর্মীদের। সোমবার সকালে থানার ব্যারাকে নিজের জন্য বরাদ্দ ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। সহকর্মীদের দাবি, দীর্ঘক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় প্রথমে তাঁরা মনে করেছিলেন, বিশ্বনাথ হয়তো ঘুমোচ্ছেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরেও দরজা না খোলায় সন্দেহ হয়। মোবাইলে ফোন করেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর কয়েক জন সহকর্মী দরজায় ধাক্কা দেন এবং তাঁকে ডাকাডাকি শুরু করেন। ভিতর থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। ঘরের ভিতরে বিশ্বনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁদের বক্তব্য, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন বিশ্বনাথ। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও সমস্যা ছিল, নাকি পেশাগত বা অন্য কোনও কারণে মানসিক চাপে ছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মৃত এসআইয়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal