প্রসেনজিৎ ধর, কলকাতা :-পুজোর আগে শপিং মলে ভিড় জমেছে ক্রেতাদের। তার মধ্যেই বুধবার বিকেলে নিউটাউনের একটি শপিং মলে ঘটে গেল রক্তাক্ত ঘটনা। বন্ধুদের মধ্যে বচসাকে কেন্দ্র করে এক যুবকের বিরুদ্ধে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’জন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের সম্পর্ককে ঘিরেই বচসার সূত্রপাত।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মলের ভিতরে বসে কয়েকজন বন্ধু ঠান্ডা পানীয় ও কফি খাচ্ছিলেন। আচমকাই কোনও একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই বচসা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তখনই ব্যাগ থেকে ছুরি বার করেন এক যুবক।এরপর এক বন্ধুর গলা এবং শরীরের একাধিক অংশে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে আরও এক বন্ধুর উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। দু’জনেই গুরুতর জখম হন। মলের ভিতরে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ক্রেতা ও মলকর্মীদের মধ্যে তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাঁদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পুলিশের তরফে জানানো হয়নি। ঘটনার পর অভিযুক্ত যুবককে উপস্থিত কয়েকজন আটকে রাখেন বলে জানা গিয়েছে। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ।প্রাথমিক তদন্তে ত্রিকোণ প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এলেও ঠিক কী নিয়ে বচসার সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। সম্পর্কের টানাপড়েনই হামলার নেপথ্যে ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি মলের ভিতরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর। পুজোর মুখে ব্যস্ত শপিং মলে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal