দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নবান্নে বুধবার মন্ত্রিসভার বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। সরকারি দফতরের শূন্যপদ পূরণে চলতি অর্থবর্ষেই বড়সড় নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন দফতরের প্রয়োজন ও শূন্যপদের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে খবর। পুলিশেও উল্লেখযোগ্য সংখ্যায় নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশে ৪ হাজার এবং রাজ্য পুলিশে ১২ হাজার নিয়োগের কথা প্রকাশ্যে এসেছে।স্কুলশিক্ষা দফতরেও শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৩৪ হাজার নিয়োগের পরিকল্পনার কথা বৈঠকের পর জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পড়ে থাকায় প্রশাসনিক কাজে কর্মীঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই দ্রুত নিয়োগের পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার।তবে নিয়োগের পাশাপাশি এ দিনের মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীকে দেওয়া মুখ্যমন্ত্রীর বার্তাও তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে দফতরের কাজে আরও বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রীদের প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার বার্তাও দেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।
সম্প্রতি অগ্নিমিত্রা পালকে একাধিক জায়গায় সরেজমিনে প্রশাসনিক তৎপরতায় দেখা গিয়েছে। পার্ক স্ট্রিটে রাস্তার ধারে স্টোভ জ্বালিয়ে দুধ ফোটানোকে কেন্দ্র করে এক মহিলার সঙ্গে তাঁর বচসার ঘটনাও প্রকাশ্যে আসে। পরে সেই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানান পুরমন্ত্রী। পথচারীদের মাইক হাতে সচেতন করা এবং বিভিন্ন বাজার ও এলাকা পরিদর্শন নিয়েও তাঁকে ঘিরে আলোচনা হয়েছে।
অন্য দিকে, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কেও বিভিন্ন এলাকায় সরেজমিনে কাজ করতে দেখা যাচ্ছে। সূত্রের দাবি, এ দিনের বৈঠকে দু’জনকেই নিজেদের দফতরের প্রশাসনিক কাজকে আরও গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিনের বৈঠকে নিমতৌড়িতে একটি নতুন আধুনিক সংশোধনাগার তৈরির অনুমোদন দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। পাশাপাশি আয়ুষ সংক্রান্ত কাজের জন্য পৃথক প্রশাসনিক দফতর তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে খবর।
অনগ্রসর শ্রেণি কল্যাণ ও জনজাতি উন্নয়ন দফতরের অধীনে থাকা আশ্রম হস্টেলের অনুদানও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট গ্রান্ট ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে বলে জানা গিয়েছে।আগামী দুর্গাপুজোকে সামনে রেখে কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্রশাসনিক এবং পর্যটন পরিকল্পনা নেওয়ার কথাও জানা গিয়েছে। তালিকায় রয়েছে শিলিগুড়ি, বহরমপুর, দুর্গাপুর, দিঘা, বিষ্ণুপুর, মালদহ এবং নন্দীগ্রাম।
এ ছাড়াও পরিকাঠামোহীন এবং অত্যন্ত কম পড়ুয়া থাকা কিছু মাদ্রাসা নিয়ে প্রশাসনিক পদক্ষেপের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। প্রায় ২৫০টি এমন মাদ্রাসা নতুন শিক্ষাবর্ষ থেকে বন্ধ করার পরিকল্পনা রয়েছে। আরও প্রায় ১০০টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে নিয়োগ, প্রশাসনিক পরিকাঠামো, শিক্ষা, পুলিশ এবং দুর্গাপুজো ঘিরে একাধিক সিদ্ধান্তে বুধবারের মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
Hindustan TV Bangla Bengali News Portal